জিম্বাবুয়ের বিপক্ষে দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ওয়ানডে বোলারদের মধ্যে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে জায়গা করে নিয়েছেন তাসকিন। উন্নতি করেছেন শরিফুলও। পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করে আইসিসি। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এগিয়েছেন তানজিদ হাসান। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হারে বাংলাদেশ। ওই ম্যাচে ৪৪ রান খরচায় ৩ উইকেট নেন তাসকিন। এতে ৯ ধাপ এগিয়ে দ্বাদশ স্থানে উঠেছেন ডানহাতি এই পেসার। বাঁহাতি পেসার শরিফুল ৪৭ রান দিয়ে ধরেন দুই শিকার। দুই ধাপ এগিয়ে একাদশ স্থানে উঠেছেন তিনি। তাসকিন (৫৮৬) ও শরিফুলের (৫৮৭) রেটিং পয়েন্টের ব্যবধান কেবল এক। দুই জনেরই এই রেটিং পয়েন্ট ক্যারিয়ার সেরা। ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। অভিজ্ঞ এই স্পিনিং অলরাউন্ডারের অবস্থান নবম। এই তালিকায় আগের মতোই শীর্ষে আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রাশিদ খান। ১২ ধাপ এগিয়ে ৪৬তম স্থানে তার সতীর্থ ফাজালহাক ফারুকি। জিম্বাবুয়ের ব্র্যাড ইভান্সের অগ্রগতি ১৯ ধাপ, অবস্থান ৬৫তম। ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৪০ রানে ৬ উইকেট নেন পাকিস্তানের বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আরাফাত মিনহাস। এই পারফরম্যান্সে ৩৩ ধাপ এগিয়ে ৮৩তম স্থানে তিনি। ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় ভারতের শুবমান গিল। জিম্বাবুয়ের বিপক্ষে ৪৬ রান করে তিন ধাপ এগিয়ে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি ককের সঙ্গে যৌথভাবে ২১তম স্থানে আছেন তানজিদ। তালিকায় এই ওপেনারের উপরে নেই বাংলাদেশের আর কেউ।












