বড় জয় দিয়ে অনূর্ধ্ব–২০ নারী এশিয়া কাপ হকি শুরু করেছে বাংলাদেশ দল। গতকাল শনিবার নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭–০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী দল। চীনের মোকিতে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকা বাংলাদেশ ২০ মিনিটেই কনা আক্তার গোলে প্রথম এগিয়ে যায়। এরপর নাদিরা ইমা ও আইরিন আক্তারের জোড়া গোলে ৫–০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।
চতুর্থ কোয়ার্টারে অধিনায়ক সারিকা রিমন আরও দুটি গোল করলে ৭–০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের। এই দাপুটে জয় টুর্নামেন্টে বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর জন্য দলের আত্মবিশ্বাস অনেকখানি বাড়িয়ে দিয়েছে। আজ রোববার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।












