ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচের জন্য বিসিবি একাদশ ঘোষণা করা হয়েছে। এতে জায়গা পেলেন জাতীয় লিগে সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া ক্ষুদ্র নৃ–গোষ্ঠির ক্রিকেটার তরুণ পেসার অনিক দেববর্মা। জাতীয় লিগের প্রথম দুই ম্যাচে ৩৭ ওভার বোলিং করে দুটির বেশি উইকেট পাননি ৬ ফুট ৩ ইঞ্চি উচ্চতার পেসার। উচ্চতা ও গড়নের কারণেই মূলত তার ওপর বিশেষ নজর সিলেট তথা জাতীয় পর্যায়ের কোচদের। বসুন্ধরার আনভির ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ ও বিসিবি একাদশের দুই দিনের প্রস্তুতি ম্যাচ। জাতীয় ক্রিকেট লিগের ব্যস্ততার জন্য মূলত উঠতি ক্রিকেটারদের নিয়েই দলটি গড়া হয়েছে। জাতীয় লিগের সব দল থেকে এক–দুজন করে ক্রিকেটার নিয়ে ১৪ জনের স্কোয়াড গড়া হয়েছে। অনিক ছাড়াও জাতীয় লিগ খেলতে থাকা আরও ১১ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে বিসিবি একাদশের দলে। এছাড়া বয়সভিত্তিক পর্যায় থেকে অনূর্ধ্ব–১৯ দলের দুই ক্রিকেটার সান ও হোসেন সুযোগ পেয়েছেন ১৪ জনের দলে। বিসিবি একাদশে টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন একমাত্র ক্রিকেটার জাকের আলি। আনুষ্ঠানিকভাবে এই দলের অধিনায়কের নাম ঘোষণা করেনি বিসিবি। তবে জাকেরের কাঁধেই পড়তে পারে নেতৃত্বের দায়িত্ব। এছাড়া বাংলাদেশের হয়ে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলা শামীম হোসেনও আছেন দলে। বিসিবি একাদশ স্কোয়াড : মাহফিজুল ইসলাম, জিসান আলম, কালাম সিদ্দিকি, ইফতেখার হোসেন, জাকের আলি, এসএম মেহেরব হাসান, চৌধুরি মোহাম্মদ রিজওয়ান, আইচ মোল্লা, শামীম হোসেন, আব্দুল হালিম, অনিক দেব বর্ম, ফাহাদ হোসেন, হোসেন, সান।












