রাউজানে এনসিপির সমপ্রীতি সভা

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২৬ at ৯:০৯ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, সমপ্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদার করার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), রাউজান উপজেলা শাখার উদ্যোগে শারদীয় শুভেচ্ছা বিনিময় ও সমপ্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাউজান উপজেলার নোয়াপাড়া ঝিকুটিপাড়া শ্রী শ্রী জ্বালা কুমারী বিগ্রহ মন্দির, গশ্চি দাশপাড়া দুর্গা মন্দির, পাহাড়তলী শ্রী শ্রী জ্বালাকুমারী ও দুর্গা মন্দির এবং দক্ষিণ রাউজান কেন্দ্রীয় গঙ্গা মন্দির পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সমপ্রীতি সভায় বক্তব্য দেন আগত অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও জাতীয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এলায়েন্সের নেতা প্রীতম দাশ।

প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার তুষার বলেন, “বাংলাদেশ সবার দেশ। ধর্ম–বর্ণ–সমপ্রদায় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ তার ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বা নিরাপত্তাহীনতার শিকার হবেন্তএটি গ্রহণযোগ্য হতে পারে না। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেকে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থানের মধ্য দিয়ে দেশ গঠনে ভূমিকা রাখবেন।” তিনি আরও বলেন, “সামপ্রদায়িক সমপ্রীতি কেবল উৎসবকেন্দ্রিক শুভেচ্ছা বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বছরের প্রতিটি দিন মানুষের পাশে দাঁড়ানো, বিপদে সহযোগিতা করা এবং সব নাগরিকের অধিকার রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করাই প্রকৃত সমপ্রীতির পরিচয়।”

প্রধান বক্তার বক্তব্যে প্রীতম দাশ বলেন, “বাংলাদেশের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য ও সামপ্রদায়িক সমপ্রীতি আমাদের সম্মিলিত সম্পদ। সনাতন ধর্মাবলম্বীসহ সব ধর্মীয় সমপ্রদায়ের মানুষের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। কোনো নাগরিক যেন ধর্মীয় পরিচয়ের কারণে ভয়, বৈষম্য কিংবা বঞ্চনার শিকার না হন, সে জন্য রাষ্ট্র ও সমাজের সবাইকে সচেতন থাকতে হবে।” অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী এ কে এম জিয়া উদ্দিন রনি, চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক মুহাম্মদ একরামুল হক, সদস্যসচিব আবদুল করিম টিপু, সাংগঠনিক সম্পাদক জাহেদুল করিম বাপ্পি, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্যসচিব খান তালাত মাহমুদ রাফি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাহেদুল করিম বাপ্পি। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রাউজান উপজেলা এনসিপির সদস্যসচিব আরমান হোসাইন। এ ছাড়া চট্টগ্রাম উত্তর জেলা এনসিপি, চট্টগ্রাম মহানগর এনসিপি, রাউজান উপজেলা এনসিপি এবং জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়িতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন
পরবর্তী নিবন্ধরাউজানে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন সম্পন্ন