নগরীর ডিটি রোডের মনসুরাবাদ এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। পাশাপাশি এসব ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দসহ চালককে আটক করা হয়েছে। ট্রাক চালকের নাম রুহুল আমিন। তিনি পাবনা জেলার আতাইকুল থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা।
কক্সবাজার থেকে মাদকদ্রব্য নিয়ে নগরীর কোতোয়ালী হয়ে সাগরিকা যাবে– এমন তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার ডিটি রোডের মনসুরাবাদ এলাকার দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে মাদকের এ চালান উদ্ধার করা হয়।
গতকাল বুধবার নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপকমিশার (দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিটি রোডের মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট বসানো হয়। মঙ্গলবার রাত ২টার দিকে একটি ট্রাক সেখানে পৌঁছালে পুলিশ সেটিতে তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে বানানো চেম্বারে লুকানো অবস্থা থেকে তিন লাখ ২০ হাজার পিস মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। পরে ট্রাক চালককে আটকসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ উপকমিশনার।











