তিন মাস পর গাছখেকো সালাউদ্দিন গ্রেপ্তার

কেইপিজেডে অস্ত্র নিয়ে মহড়া

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ৪ আগস্ট, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

কর্ণফুলী উপজেলার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, হামলা ও ভাঙচুরের আলোচিত ঘটনার প্রায় তিন মাস পর মামলার ২ নম্বর আসামি মো. সালাউদ্দিন ওরফে ‘গাছখেকো’ সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার বিকেলে উপজেলার কেইপিজেড এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সালাউদ্দিন (৩০) কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের রাজ্জাকপাড়া এলাকার মো. ইব্রাহিমের ছেলে। কর্ণফুলী থানার ওসি ইখতিয়ার উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মে কেইপিজেড প্রধান ফটক এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে মিছিল, জনমনে আতঙ্ক সৃষ্টি, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার ২ নম্বর আসামি সালাউদ্দিন। ওই সময় সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের ওপর হামলা চালানো হয় বলেও মামলার এজাহারে উল্লেখ রয়েছে। ঘটনার পর অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, ইট ও ভাঙা কাচের টুকরো উদ্ধার করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার সালাউদ্দিনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ মোট পাঁচটি মামলা রয়েছে। পুলিশের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতেও তাকে একজন সন্ত্রাসী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ওসি ইখতিয়ার উদ্দিন বলেন, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার (আজ) তাকে আদালতে সোপর্দ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে ইউনিয়ন যুবলীগের সভাপতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধরাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষাসামগ্রী বিতরণ