নাইজেরিয়ার উত্তর–পূর্বাঞ্চলীয় বোরনো রাজ্যে একটি স্কুলে হামলা চালিয়ে বহু শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। গতকাল শনিবার স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে এতথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি। খবর বাংলানিউজের।
প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকালে আসকিরা–উবা স্থানীয় সরকার এলাকার মুসা প্রাইমারি অ্যান্ড জুনিয়র সেকেন্ডারি স্কুলে হামলার ঘটনা ঘটে। ক্লাস চলাকালে মোটরসাইকেলে করে আসা সশস্ত্র ব্যক্তিরা কয়েকজন শিক্ষার্থীকে তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। স্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা উবাইদাল্লাহ হাসান রয়টার্সকে বলেন, সকাল ৯টার দিকে হামলাকারীরা স্কুলে ঢুকে পড়ে। এসময় আতঙ্ক ছড়িয়ে পড়লে কিছু শিক্ষার্থী পাশের ঝোপে পালিয়ে যেতে সক্ষম হলেও অনেককে ধরে নিয়ে যাওয়া হয়।
স্কুলের এক শিক্ষক জানান, হামলাকারীরা সংঘবদ্ধভাবে অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।













