এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

এসএমই নীতিমালার খসড়া প্রণয়ন, মন্ত্রিসভায় উপস্থাপন শীঘ্রই

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২৬ at ৬:৫৮ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০৩১ সালের মধ্যে জিডিপিতে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান ৩৫ শতাংশে উন্নীত এবং এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা, প্রযুক্তিগত অগ্রগতি, বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি এবং ২০২৯ সালে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ–পরবর্তী চ্যালেঞ্জ বিবেচনায় সরকার জাতীয় এসএমই নীতিমালা–২০২৬–এর খসড়া প্রণয়ন করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

গতকাল রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) ও রপ্তানি প্রবেশদ্বার (এঙপোর্টিং গেট) হিসেবে প্রতিষ্ঠা করা হবে এ নীতিমালার মূল লক্ষ্য। খবর বাসসের।

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে বড় শিল্পপ্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোকে জাতীয় উৎপাদনব্যবস্থা, শিল্প সরবরাহব্যবস্থা এবং দেশি–বিদেশি মূল্যশৃঙ্খলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি বলেন, এসএমই প্রতিষ্ঠানগুলোকে শুধু স্থানীয় বাজারের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। বড় শিল্পপ্রতিষ্ঠানের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ সরবরাহকারী ও উপকরণ প্রস্তুতকারক হিসেবে গড়ে তোলার পাশাপাশি রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ করতে হবে।

সরকার আগামী চার বছরে দেশে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বলেন, এসএমই ফাউন্ডেশনের কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাত বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, নারী উদ্যোক্তা তৈরি, গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং বৈদেশিক মুদ্রা অর্জনে এ খাতের অবদান অপরিসীম। দক্ষিণ কোরিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, জার্মানি ও ইতালিসহ বিশ্বের অনেক দেশ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করেছে।

মূলধন ও প্রযুক্তির অভাব, ঋণপ্রাপ্তির জটিলতা, দক্ষ জনবলের সংকট এবং বিপণন সমস্যা এ খাতের বিকাশের পথে বড় প্রতিবন্ধকতা বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এসব সমস্যা দূর করতে সহজ শর্তে ঋণ, আধুনিক প্রশিক্ষণ, নারী ও তরুণ উদ্যোক্তাদের প্রণোদনা এবং সরকারি–বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকার ইতোমধ্যে এসব প্রতিবন্ধকতা দূর করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ শুরু করেছে।

তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা প্রমাণিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পসহ নতুন নতুন খাতের পণ্য নিয়ে বিশ্ববাজারে প্রবেশের সময় এসেছে। তিনি বলেন, এসএমই ফাউন্ডেশন ইতোমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ, ওয়ান প্রোডাক্ট’ এবং সৃজনশীল অর্থনীতির কর্মসূচির আওতায় বিকশিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে জাতীয় ক্রিয়েটিভ অ্যান্ড ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা এবং আঞ্চলিক পর্যায়ে এর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।

বিদেশের আন্তর্জাতিক ব্যবসায়িক কেন্দ্রগুলোতে বাংলাদেশি এসএমই উদ্যোক্তাদের অংশগ্রহণে মেলার আয়োজনের পরিকল্পনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর, লন্ডন কিংবা প্যারিসের মতো শহরে সরকারি উদ্যোগে এ ধরনের মেলার আয়োজন করা যেতে পারে। এতে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সরাসরি বিদেশি ক্রেতাদের কাছে তাদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন।

আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে অন্তত ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই–কমার্স বিষয়ে সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এর পাশাপাশি ‘মেড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে স্থানীয় পণ্যের বাজার সম্প্রসারণ, জিআই, ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা এবং দেশি–বিদেশি ক্রেতাদের সঙ্গে উদ্যোক্তাদের সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নারী উদ্যোক্তাদের গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এবারের এসএমই মেলায় অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশ নারী। তারা বুটিক ও পোশাকশিল্প, হস্তশিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের পণ্য বাজারজাত করছেন। নারী উদ্যোক্তাদের অর্থায়ন, প্রযুক্তি, প্রশিক্ষণ, ব্যবসায়িক নেটওয়ার্ক ও পণ্য বিতরণের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণের চিন্তাভাবনা করছে।

তরুণ ও নতুন উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, বছরের পর বছর চাকরির পেছনে সময় ব্যয় না করে এসএমই খাতের মাধ্যমে নিজেদের চাকরিদাতা হিসেবে প্রতিষ্ঠিত করার পরিকল্পনা নেওয়া প্রয়োজন। আজ যারা পুরস্কৃত হয়েছেন, তাদের জীবনসংগ্রাম ও সাফল্য নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবহির্নোঙরে সোডা অ্যাশ বোঝাইয়ের সময় লাইটার জাহাজডুবি