ঈদযাত্রা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ

পূর্বাঞ্চলে প্রতিদিন ১৬ জোড়া ট্রেনে বিক্রি হবে ১০ হাজার টিকিট শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ মে, ২০২৬ at ৬:৪২ পূর্বাহ্ণ

ঈদযাত্রার ট্রেনের যাত্রীদের মাঝে অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে আজ বুধবার থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী পূর্বাঞ্চলের যাত্রীদের মাঝে টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে। এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। একজন যাত্রী সর্বোচ্চ একবার চারটি টিকিট কিনতে পারবেন। রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ থেকে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে প্রতিদিন যাত্রীদের মাঝে ১৬ জোড়া (আসাযাওয়া ৩২টি) ট্রেনের ১০ হাজার টিকিট ওয়েবসাইটে যাত্রীদের জন্য ছাড়া হবে। যাত্রীরা নিজস্ব এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে ওয়েবসাইটে গিয়ে একজন সর্বোচ্চ ৪টি টিকিট কাটতে পারবেন। এছাড়াও ঈদের দুইদিন আগে থেকে চট্টগ্রামচাঁদপুর রুটেসহ বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চলাচল করবে।

চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার আজাদীকে বলেন, ১৩ মে (আজ) থেকে ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের মাঝে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। প্রতিবারের মতো এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন দুপুর ২টা থেকে। আমাদের চট্টগ্রাম থেকে প্রতিদিন ১৬ জোড়া (আসাযাওয়া ৩২টি) ট্রেনের ১০ হাজারের মতো টিকিট অনলাইনে বিক্রি হবে।

ঈদের দুইদিন আগে থেকে চট্টগ্রামচাঁদপুরসহ বিভিন্ন রুটে স্পেশাল ট্রেন চলাচল করবে। অগ্রিম টিকিটের পাশাপাশি ঈদের সময় ট্রেন ছাড়ার ২ ঘণ্টা আগে মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিটসহ স্টেশনের কাউন্টার বিক্রি করা হবে।

মূলত যারা অগ্রিম টিকিট নিতে পারেন না, তারা স্ট্যান্ডিং টিকিট নিয়ে দাঁড়িয়ে যেতে পারেন। চট্টগ্রাম স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, ঈদের সময় অগ্রিম টিকিট, স্পেশাল এবং স্ট্যান্ডিং টিকিটসহ মিলে প্রতিটি ট্রেনে প্রায় ১২ হাজারের বেশি ঈদযাত্রায় বাড়ি ফিরতে পারবেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন বিভাগ থেকে জানা যায়, আজ যাত্রীদের মাঝে ২৩ মের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। আগামীকাল ১৪ মে যাত্রীদের মাঝে বিক্রি করা হবে ২৪ মের অগ্রিম টিকিট। ১৫ মে যাত্রীদের মাঝে বিক্রি করা হবে ২৫ মের অগ্রিম টিকিট। ১৬ মে পাওয়া যাবে ২৬ মের অগ্রিম টিকিট। এরপর ১৭ মের টিকিট পাওয়া যাবে ২৭ মের টিকিট। ফিরতি টিকিট মিলবে ২১ মে থেকে। ওইদিন পাওয়া যাবে ৩১ মের টিকিট। ২২ মে পাওয়া যাবে ১ জুনের টিকিট। ২৩ মে বিক্রি হবে ২ জুনের টিকিট। ২৪ মে মিলবে ৩ জুনের টিকিট। আর ২৫ মে পাওয়া যাবে ৪ জুনের টিকিট।

পূর্ববর্তী নিবন্ধহাম ও উপসর্গ নিয়ে আরো নয় শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে সাপের কামড়ে শিশুর মৃত্যু, হাসপাতালে অবহেলার