ফটিকছড়িতে বিষধর সাপের কামড়ে প্রাণ হারিয়েছে ২ বছর বয়সী শিশু মোহাম্মদ আয়াত। গতকাল সোমবার সন্ধ্যায় নাজিরহাট পৌরসভার সুয়াবিল তৈয়বীয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়াত ওই এলাকার মো. রবিউল হোসেনের ছেলে।
জানা যায়, গতকাল সন্ধ্যায় শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ির সামনের টিউবওয়েলে পানি আনতে গিয়েছিল। এ সময় অন্ধকারে একটি সাপ তাকে কামড় দেয়। মায়ের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দ্রুত তাকে উদ্ধার করে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যান।
পরিবারের অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পর রক্ত পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতার নামে দীর্ঘ সময়ক্ষেপণ করা হয়। প্রায় দেড় ঘণ্টা সেখানে অতিবাহিত হওয়ার পর শিশুটির অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চমেক হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিহত শিশুর চাচা মুহাম্মদ শওকত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাওহিদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ দিনের মধ্যে অভিযোগটি খতিয়ে দেখে তাদের রিপোর্ট দিতে বলা হয়েছে।













