হাম ও উপসর্গ নিয়ে আরো নয় শিশুর মৃত্যু

নতুন শনাক্ত ৮৭

| বুধবার , ১৩ মে, ২০২৬ at ৬:৪১ পূর্বাহ্ণ

দেশে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে নয় জন শিশু মারা গেছে বলে তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে তিন জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল; বাকি ছয় জনের মধ্যে ছিল হামের উপসর্গ। এ সময়ে নতুন করে ৮৭ জনের শরীরে ভাইরাসজনিত ছোঁয়াচে এই রোগ শনাক্ত হয়েছে।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৮ জনের। এছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৩৫৬ জন মারা গেছে। এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ১৪২ জন ঢাকায় মারা গেছেন; আর ৭৮ জন রাজশাহী বিভাগের। খবর বিডিনিউজের।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় নতুন করে ৮৭ জন হাম আক্রান্ত হয়েছেন; এই সময়ে ১ হাজার ১০৫ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন; যাদের মধ্যে এত ৯৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গেল ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে হাসপাতালে সবচেয়ে বেশি ৫৩ জন ভর্তি হয়েছেন ঢাকার হাসপাতালগুলোতে। আর সবচেয়ে কম ২৭ জন ভর্তি হয়েছেন বরিশালে।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫১ হাজার ৫৬৭ জন। এদের মধ্যে ৭ হাজার ০২৪ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে গেল ৬ মে হাম প্রতিরোধে ১৫ লাখ এমআর ডোজ টিকা দেশে এসেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

পূর্ববর্তী নিবন্ধক্রেতা সেজে গয়না দেখার ভান, এরপরই চোখে মরিচের গুঁড়া
পরবর্তী নিবন্ধঈদযাত্রা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ