কর্ণফুলী ও পতেঙ্গায় সাড়ে চার হাজার লিটার জ্বালানি তেল ও ৪ টন কয়লা জব্দ

কোস্ট গার্ডের পৃথক অভিযান আটক ৯, চার বোট জব্দ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৭:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। অপর এক অভিযানে কোস্টগার্ড ৪টি বোটে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে ৭ লাখ টাকা দামের ৪ টন কয়লা ও ৫২০ লিটার কেরোসিন জব্দ করে। এ সময় তিনটি সাম্পান বোট ও একটি লাইফ বোটও জব্দ করা হয়।

কোস্টগার্ড সূত্র জানায়, গত রোববার বিকেলে কোস্টগার্ডের আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, অভিযানকালে চারটি বোটে তল্লাশি চালিয়ে ৪ টন কয়লা এবং ৫২০ লিটার কেরোসিন জব্দ করা হয়েছে। অভিযানকালে চারটি বোটও জব্দ করা হয়।

এর আগে গত ৯ মে রাত ১০টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার ডায়মন্ড সিমেন্ট ফ্যাক্টরি সংলগ্ন কর্ণফুলী নদীতে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এ সময় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কান্ডারী০৬’ জাহাজ থেকে চোরাইভাবে ‘ও টি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাঙ্কারে ডিজেল পাচারের সময় ৪ হাজার লিটার ডিজেলসহ ৯ জনকে আটক করা হয়। পরে জব্দ করা আনুমানিক প্রায় ৪ লাখ টাকা মূল্যের ডিজেল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট বিভাগকে নিয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন।

কোস্টগার্ড জানায়, অবৈধভাবে তেল মজুদ ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের প্রস্তাবে ইরানের জবাব প্রত্যাখ্যান ট্রাম্পের
পরবর্তী নিবন্ধভারত সরকারের কাছে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতের দাবি