মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি

শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সংবাদ সম্মেলন

| বুধবার , ২১ জুন, ২০২৩ at ৫:১৩ পূর্বাহ্ণ

সরকারি ও বেসরকারি শিক্ষক কর্মচারীদের মধ্যে বৈষম্য ‘পাহাড় সমান’ উল্লেখ করে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির চট্টগ্রাম আঞ্চলিক শাখা এবং দাবি আদায়ে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ১১ জুলাই থেকে লাগাতার কর্মসূচি পালনের হুঁশিয়ারিও দিয়েছে তারা। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী। বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখা আয়োজিত সংবাদে সম্মেলনে লিখিত বক্তব্যে সাধারণ সম্পাদক বলেন, ‘দেশের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত বেরসকারি শিক্ষক–কর্মচারী দ্বারা পরিচালিত হলেও সরকারি শিক্ষকদের সঙ্গে রয়েছে পাহাড় সমান বৈষম্য। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা এক হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫ শতাংশ উৎসব ভাতা ও ৫০০ টাকা চিকিৎসাভাতা পান। অথচ একই কারিকুলামের অধীন একই সিলেবাস, একই একাডেমিক সূচি, প্রশ্নপত্র তৈরি ও উত্তরপত্র মূল্যায়ন একই কাজ হলেও সরকারি শিক্ষকদের সাথে বৈষম্য অনেক। মাধ্যমিক পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের বেতন স্কেল সরকারি প্রতিষ্ঠানের প্রধানদের চেয়ে এক ধাপ নিচে। সহকারী প্রধান শিক্ষকদের উচ্চতর স্কেল না দেয়ায় জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।’ খবর বিডিনিউজের।

সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সংগ্রাম কমিটির আহ্বায়ক শিমুল মহাজন বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধওষুধী গুণের কারণে হলেও বাঁচিয়ে রাখতে হবে রাজকাঁকড়াকে
পরবর্তী নিবন্ধআমানত খান (র.)-এর বার্ষিক ওরশ শরীফ