নগরীর কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় চোরাই ছয়টি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। গতকাল দুপুরে সিএমপি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং। গ্রেপ্তারকৃতরা হলেন, জোরারগঞ্জের আব্দুর রহমান প্রকাশ সুমন প্রকাশ আনোয়ার (২৭), মীরসরাইয়ের মাইনুদ্দিন মুরাদ (২৭), খাগড়াছড়ির রামগড়ের শাহাদাত হোসেন (৩০) এবং নোয়াখালীর সুধারামের আবু হুরায়রা (৩০)।
মো. হাবিবুর রহমান প্রাং বলেন, গত ১২ অক্টোবর ভোর নগরের সিআরবি কাঠের বাংলোর সিঁড়ির গোড়ায় অভিযান চালিয়ে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি বাইসাইকেল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন সকালে মীরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের ইছহাক ড্রাইভার হাট কেন্দ্রীয় জামে মসজিদের বিপরীত পাশে অভিযান চালিয়ে মাইনুদ্দিন মুরাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি হোন্ডা মোটরসাইকেল ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়। পরে মিঠানালার রহমতাবাদ এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এরপর জোরারগঞ্জের ইছাখালী এলাকায় অভিযান চালিয়ে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১২ অক্টোবর বিকেলে নোয়াখালীর সুধারাম থানার এওয়াজ বালিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে আবু হুরায়রাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার দেখানো স্থান থেকে দুইটি মোটরসাইকেল এবং একটি মুঠোফোন উদ্ধার করা হয়। পরে গত ১৩ অক্টোবর রাতে সুধারাম থানার দাতপুর ইউনিয়নের হাকিমপুর এলাকার একটি বাড়ি থেকে আরও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিসি মো. হাবিবুর রহমান প্রাং বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা চট্টগ্রাম নগরসহ চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল ও বাইসাইকেল চুরির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে নিজেদের হেফাজতে রাখতেন। জিজ্ঞাসাবাদে উদ্ধার করা মোটরসাইকেলগুলো চোরাই জেনেও নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার আব্দুর রহমানের বিরুদ্ধে চুরি ও বিশেষ ক্ষমতা আইনে চারটি মামলা রয়েছে। শাহাদাত হোসেনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন আইনে দুটি মামলা রয়েছে।












