রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব ধরনের কাজ, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সরকারি ক্রয়সংক্রান্ত সংশোধিত অধ্যাদেশের আওতায় বিধিমালা প্রণয়ন ও নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত এ নির্দেশনা কার্যকর থাকবে বলেও তথ্য দেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।
স্থানীয় সরকার বিভাগের প্রশাসন–১ শাখা থেকে বৃহস্পতিবার এ নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৬–এর আওতায় বিধিমালা প্রণয়ন শেষ এবং নতুন রেট শিডিউল প্রকাশিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট রাষ্ট্রীয় জরুরি বিষয় ছাড়া সব কাজ, সেবা ও পণ্য সরবরাহ সংক্রান্ত দরপত্র বা ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। এ নির্দেশনার ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর উন্নয়নকাজ, সেবা গ্রহণ ও পণ্য কেনার নতুন দরপত্র এবং ক্রয়প্রক্রিয়া স্থগিত থাকলেও ইতিমধ্যে কার্যাদেশ দেওয়া কাজ কিংবা বাস্তবায়নাধীন প্রকল্পের বিষয়ে চিঠিতে আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।












