চট্টগ্রামের সীতাকুণ্ডে রাস্তার পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে, যাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলায় বারৈয়ারঢালা ইউনিয়নের ছোট দারোগাহাট বৈদ্যপুকুরের পূর্বপাশে রাস্তার পাশ থেকে পুলিশ ওই নারীর লাশ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় একটি হত্যা মামলা করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম বলেন, সকালে গ্রামের রাস্তার পাশে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। আনুমানিক ৩৫ বছর বয়েসী ওই নারীকে স্থানীয়রা শনাক্ত করতে পারেনি। ওই নারীর পরনে ছিল সালোয়ার কামিজ ও কালো রঙের বোরকা। তার মাথায় আঘাত এবং পেটে ছুরি মারার চিহ্ন দেখা গেছে। ওই নারীকে কোথায় খুন করা হয়েছে এবং কীভাবে এ স্থানে লাশটি এল, সেটি খতিয়ে দেখা হচ্ছে।












