ইংরেজি সাহিত্যের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের অবদান যুগ যুগ ধরে মানব সমাজকে আলোকিত করে যাচ্ছেন। তাদের মধ্যে অন্যতম হলেন উইলিয়াম শেক্সপিয়ার যাকে বলা হয় “বিশ্ব সাহিত্যের সম্রাট“। প্রতিবছর ২৩ শে এপ্রিল তার জন্মদিন বিশ্বজুড়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়। এই দিনটি শুধু একজন সাহিত্যিকের জন্মদিন নয় বরং মানব জীবনে গভীরতম অনুভূতি ও অভিজ্ঞতার এক অনন্য উদযাপন।
ধারণা করা হয়, ১৫৬৪ সালের ২৩ শে এপ্রিল ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন শেক্সপিয়ার। তার পিতা জন শেক্সপিয়ার ছিলেন একজন ব্যবসায়ী এবং মা মেরি আর্ডেন ছিলেন একজন গৃহিণী। সাধারণ পরিবারে জন্ম হলেও তার প্রতিভা ছিল অসাধারণ। ছোটবেলা থেকেই তিনি ভাষা ও সাহিত্যের প্রতি গভীর অনুরাগী ছিলেন যা পরবর্তীতে তাকে বিশ্ব সাহিত্যের শিখরে পৌঁছে দেয়।
শেক্সপিয়ারের সাহিত্য জীবন শুরু হয় লন্ডন শহরে। সেখানে তিনি নাট্যকার, অভিনেতা এবং কবি হিসেবে খ্যাতি অর্জন করেন। তার রচিত নাটক গুলো মানব জীবনের বহুমাত্রিক দিক যেমন: ভালোবাসা, ক্ষমতা, ঈর্ষা, প্রতারণা, ন্যায়– অন্যায় লোভ এসব বিষয়কে অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে হ্যামলেট, ম্যাকবেথ, ওথেলো, রোমিও এন্ড জুলিয়েট। প্রতিটি নাটকেই মানুষের মনস্তত্ত্ব ও সমাজ বাস্তবতার এক গভীর বিশ্লেষণ পাওয়া যায়। শুধু নাটক নয়, শেক্সপিয়ার তার অসাধারণ সনেট গুলোর জন্যও বিখ্যাত। তার সনেট গুলোতে প্রেম, সৌন্দর্য, সময় এবং জীবনের অস্থায়ীত্ব নিয়ে গভীর ভাবনা প্রকাশ পেয়েছে। ভাষার সৌন্দর্য, উপমার ব্যবহার এবং ছন্দের নিখুঁত বিন্যাস তার লেখাকে করেছে অনন্য। শেক্সপিয়ারের রচনাগুলো শুধু তার সময়েই জনপ্রিয় ছিল না বরং আজও বিশ্ব জুড়ে সমাদৃত। তার নাটকগুলো বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং বিশ্বব্যাপী আজও মঞ্চস্থ হচ্ছে। তার সৃষ্টিকর্ম গুলো আজও গবেষণার বিষয়।
এমন দিনে দাঁড়িয়ে শেক্সপিয়ারের সাহিত্য আমাদের নতুন করে ভাবতে শেখায়। তাঁর রচনায়, সাহিত্যকর্মে মানব জীবনের যে চিত্র তুলে ধরা হয়েছে তা কালোত্তীর্ণ এবং সর্বজনীন। উইলিয়াম শেক্সপিয়ার কেবল একজন সাহিত্যিক নন তিনি এক যুগের প্রতীক, এক অমর প্রেরণা। আর এই দিন আমাদের মনে করিয়ে দেয় যে সাহিত্যই পারে মানুষের হৃদয়কে স্পর্শ করতে, সমাজকে আলোকিত করতে এবং সময়কে অতিক্রম করে চিরন্তন হয়ে উঠতে।














