ভাষা আন্দোলনের সাথে সাথে এই সময়ে আরো একটি বড় আন্দোলন চলছিল। সেটা ছিল রাজবন্দীদের মুক্তির আন্দোলন। বিশেষভাবে শেখ মুজিবুর রহমানের মুক্তির দাবি করে আসছিল আওয়ামী মুসলিম লীগ। ভাষা আন্দোলনের প্রস্তুতির সাথে সাথে বন্দীমুক্তির ব্যাপারে পূর্ববঙ্গ বিধান-পরিষদের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির একটি যুক্ত আবেদন পেশ করা হয়। এতে প্রদেশের সকল রাজনৈতিক কর্মীর মুক্তির দাবি জানান হয়।
২১ ফেব্রুয়ারি আন্দোলনের মুখে সৈন্যরা গুলি ছুঁড়লে এবং কয়েকজন শহীদ হওয়ার ঘটনায় ২৩ ফেব্রুয়ারি অনশন ভঙ্গ করার কথা জানিয়ে তার প্রেরণ করেন মওলানা ভাসানী। তিনি উল্লেখ করেন, ‘বর্তমান পরিস্থিতিতে শেখ মুজিবুর রহমানের বেঁচে থাকার প্রয়োজন আছে।’













