আনোয়ারা আইডিয়াল স্কুলের সভা

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৮ নভেম্বর, ২০২৬ at ৮:৪১ পূর্বাহ্ণ

আনোয়ারায় মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করতে যাচ্ছে আনোয়ারা আইডিয়াল স্কুল। উপজেলার শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে আনোয়ারা সদরের সিটি সেন্টারে প্রতিষ্ঠিত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। এ উপলক্ষে গত ৬ নভেম্বর বিদ্যালয়ের মিলনায়তনে এক মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। বিদ্যালয়ের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জসীমউদ্দীনের সভাপতিত্বে এবং আনোয়ারা সমাজকল্যাণ সংস্থার সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ আবুল হোসেন, ডা. জুনায়েদ চৌধুরী, সাংবাদিক এম. আনোয়ারুল হক, অধ্যাপক আব্দুল গফুর, এস. এম. ফাহিম উদ্দিন, কলিম উল্লাহ ও অ্যাডভোকেট মোহাম্মদ কায়সার প্রমুখ।সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের চেয়ারম্যান ডা. মোহাম্মদ জসীম উদ্দীন বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে আনোয়ারা আইডিয়াল স্কুলকে একটি আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও জানান, ইতোমধ্যে বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন, সৃজনশীল ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে প্রতিষ্ঠানটি কাজ করবে।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি আবৃত্তি মঞ্চের সভা
পরবর্তী নিবন্ধটইটংয়ে ১৮ শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত হল মেধাবৃত্তি পরীক্ষা