বোয়ালখালী উপজেলায় বৃষ্টির পানি পড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নারীসহ ৭ জন গুরুতর আহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্দার পাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা বলেন, এক ভাইয়ের ঘরের চালা থেকে বৃষ্টির পানি অন্য ভাইয়ের ঘরে পড়াকে কেন্দ্র করে এই বিরোধের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা বলেন, এই তুচ্ছ ঘটনার জেরে নিকুঞ্জ সর্দারের ছেলে সদীপ সর্দারের (৫০) সাথে তার ভাই সুধীর সর্দারের (৩৮) ঝগড়া বাঁধে। এ ঘটনায় আহতরা হলেন সদীপ সর্দার (৫০), পূর্ণিমা সর্দার (৪৮), নিলয় সর্দার (১৭), দীপন সর্দার (২৬), চুমকি সর্দার (৩৪), সুজন সর্দার (৩৭) ও খোকন সর্দার (৩৭)। আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের উপ–সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আঘাত গুরুতর হওয়ায় তাদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেছেন কর্তব্যরত চিকিৎসক। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, এখনো কারো কাছ থেকে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।














