সন্দ্বীপ নৌরুট থেকে ‘এসটি নিঝুম দ্বীপ’ সরিয়ে নেওয়ার তোড়জোড়ের প্রতিবাদ

সন্দ্বীপ প্রতিনিধি | সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:০০ পূর্বাহ্ণ

সন্দ্বীপ নৌরুটে চলাচলকারী আধুনিক সি–ট্রাক ‘এসটি নিঝুম দ্বীপ’ সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রাম। একই সঙ্গে জাহাজটি সন্দ্বীপ নৌরুটে বহাল রাখার দাবিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান বরাবর আবেদন করেছে সংগঠনটি।

গতকাল রোববার বিআইডব্লিউটিসির চেয়ারম্যান বরাবর চট্টগ্রাম আঞ্চলিক অফিসের মাধ্যমে পাঠানো আবেদনে সংগঠনটি জানায়, প্রায় ৪ লাখ মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম নৌপথ। সন্দ্বীপের মানুষকে কুমিরা–গুপ্তছড়া এবং বাঁশবাড়িয়া–গুপ্তছড়া এই দুটি নৌপথ ব্যবহার করে মূল ভূখণ্ড চট্টগ্রামে যাতায়াত করতে হয়। আবেদনে উল্লেখ করা হয়, সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গত মাসের ১ অক্টোবর আধুনিক নতুন সি–ট্রাক ‘এসটি নিঝুম দ্বীপ’ এই রুটে দেওয়া হয়। জাহাজটি চালুর পর ব্যাপকভাবে যাত্রীদের যাতায়াত বেড়েছে। গত অক্টোবর মাসে প্রতিদিনের হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় পাঁচ শতাধিক যাত্রী এই জাহাজে যাতায়াত করেছেন। তবে সংগঠনটির অভিযোগ, বিআইডব্লিউটিসির স্থানীয় অফিস থেকে প্রধান কার্যালয়ে এই রুটে যাত্রী সংকট রয়েছে বলে ভুল তথ্য দেওয়া হচ্ছে। সন্দ্বীপ এসোসিয়েশন সভাপতি মোশারফ হোসেন বলেন, বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ‘এসটি নিঝুম দ্বীপ’ সি–ট্রাকটি কঙবাজার–সেন্টমার্টিন নৌরুট পরিচালনার জন্য কোনো বেসরকারি কোম্পানিকে ভাড়ায় দেওয়ার তোড়জোড় চলছে। এমন সিদ্ধান্তকে অযৌক্তিক ও অবিবেচক উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বলেন, বিআইডব্লিউটিসি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, এটি একটি রাষ্ট্রীয় সেবামূলক প্রতিষ্ঠান। উপকূলীয় অঞ্চলের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই এ প্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব। তাই জনস্বার্থকে প্রাধান্য না দিয়ে বাণিজ্যিক স্বার্থে জাহাজটি অন্য রুটে সরিয়ে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসাইন, সহ–সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন, সাংবাদিক খাদেমুল ইসলাম, মুহাম্মদ ওবাইদুল্যাহ তরীক, মোঃ মনজুর হোসাইন, ডা. মোঃ আব্দুল কাদের, মমতাজুন্নেসা সোমা, ফেরদৌস আহমেদ কৌশিক, ইঞ্জিনিয়ার মো. আবু ইউসুফ, দাউদ খালেদ চৌধুরী (কাইজার), এস এম কামরুল হাসান, এন এম শিহাব উদ্দিন, আবদুল হালিম নাছির, হাফেজ আজহারুল ইসলাম ফয়সাল, সেলিম উদ্দিন মাহমুদ, মোঃ মনজুর কাদের, মোঃ জসিম উদ্দিন, মোঃ নিজাম উদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল কাদের টিটু, আব্দুল হালিম শামীম, ইব্রাহিম রিপন, কামরুল রিয়াদ, আশিকুল, জাহিদ, কাউছার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে মাসব্যাপী ‘পিংক অক্টোবর’ কর্মসূচির সমাপ্তি
পরবর্তী নিবন্ধইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলার কাউন্সিল