নগরীর হিলভিউস্থ ওরিয়েন্ট স্কুল এন্ড কলেজের (ন্যাশনাল কারিকুলাম ইংরেজি এবং বাংলা ভার্সন) বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার মুরাদপুরস্থ এলজিইডি মিলনায়তনে প্রতিষ্ঠানের চেয়ারম্যান অধ্যক্ষ কে. এম. মোস্তফা রেজাউল মনির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও অধ্যক্ষ কে. এম. মোস্তফা রেজাউল মনির–এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের চিফ অ্যাডভাইজর এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভাইরনমেন্টাল সায়েন্সের পরিচালক প্রফেসর ড. মো. মোশারফ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. তৈয়ব হোসেন, পরিচালক (অর্থ ও প্রশাসন) কাজী আশরাফ উদ্দীন আহমদ এবং অধ্যক্ষ সুরাইয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, বাচ্চাদের ইতিবাচক আগ্রহে বাধা দেওয়া যাবে না। তারা কোনো কিছু করতে চাইলে, খেলতে চাইলে, নাচতে চাইলে বা নতুন কিছু করতে চাইলে তাদের সুযোগ দেওয়া উচিত। তাদের কড়া শাসন না করে বোঝানোর চেষ্টা করতে হবে। যেসকল বাচ্চারা আজকে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করল, এটা তাদের সারাজীবন মনে থাকবে। ছোটবেলায় এসব কর্মকাণ্ডে অংশগ্রহণ করাটাই আসল। বই তো বাসায় বা স্কুলে বসেও পড়া যায়। কিন্তু বন্ধু–সহপাঠি নিয়ে এই ধরনের সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণটা তাদের সারাজীবন মনে থাকবে। এগুলোই তাদের এগিয়ে নিয়ে যেতে সহযোগীতা করবে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সকল শিক্ষকের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, শিক্ষার্থীদের অসাধারণ পরিবেশনা মাধ্যমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়। প্রেস বিজ্ঞপ্তি।











