সরকারি গেজেটে ঘোষিত ‘হেরিটেজ এলাকা’ সিআরবি রক্ষায় সিআরবি রক্ষা মঞ্চ–চট্টগ্রামের একটি প্রতিনিধি দল গতকাল সোমবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে ২য় দফায় স্মারকলিপি পেশ করেন। সিআরবি রক্ষা মঞ্চের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার কাছে স্মারকলিপি প্রদানকালে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ–চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক শাহাবুদ্দিন আহমেদ চৌধুরী, মুক্তিযোদ্ধা রাজা মিয়া, সিআরবি রক্ষা মঞ্চের সদস্য সচিব রিজওয়ানুর রহমান খান, বনবিহারী চক্রবর্ত্তী, মশিউর রহমান খান, রনি ইসলাম, সোহাইল উদ দোজা, মো. জানে আলম, শেখ মাহবুবুর রহমান, এম. কায়ছার উদ্দিন, দিলরুবা খানম ছুটি, আসমা আকতার, এম. নুরুল হুদা চৌধুরী, মো. জিয়াউল হক খন্দকার ও মো. কনক। স্মারকলিপি প্রদানকালে বক্তারা জেলা প্রশাসককে অবহিত করেন, ইতোপূর্বে গত মে মাসের ১০ তারিখ প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের মাধ্যমে যে স্মারকলিপি প্রদান করা হয়েছিল তার জবাবে প্রধানমন্ত্রীর দফতর থেকে বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কোনো সুস্পষ্ট প্রতিক্রিয়া বা সিদ্ধান্ত সিআরবি রক্ষা মঞ্চের নজরে আসেনি। সিআরবি রক্ষা মঞ্চ সরকারকে হেরিটেজ আইন মেনে সিআরবিতে নতুন যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারির দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।












