পিকআপে ১০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৯:৫১ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী থানার অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার কোতোয়ালী থানার মেরিনার্স রোড এলাকা থেকে একটি পিকআপসহ ইয়াবাগুলো জব্দ করা হয়। গ্রেপ্তার মো. আবুল কালাম (৩৮) কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কক্সবাজার থেকে একটি পিকআপে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এক মাদক কারবারি চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার এলাকায় প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় কোতোয়ালী থানার লইট্টাঘাটা ৪ নম্বর ঘাটের প্রবেশমুখে মেরিনার্স রোডে চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে বিভিন্ন যানবাহনে তল্লাশির সময় কক্সবাজার থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন একটি নীল রঙের খোলা পিকআপকে থামার সংকেত দেওয়া হয়।

এ সময় চালক পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে পিকআপটি তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে বাইক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, আহত ৫
পরবর্তী নিবন্ধমহানগর ছাত্র ফেডারেশনের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি