নগরীর ইপিজেড থানার বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসানোর দায়ে মো. ওসমান গণি নামের এক পেশাদার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌণে ১ টায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ওসমান গণি হাটহাজারীর ফতপুর ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দক্ষিণ ক্যাম্পাস সাবেক চেয়ারম্যান জাকিরের বাড়ির পূর্ব উত্তর পাশের আপতানা ভবনের পাশের মনির হোসেনের ছেলে। সে বর্তমানে ইপিজেড থানার আকমল আলী রোড এলাকায় বসবাস করত।
ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, ওসমান গণি একজন পেশাদার জুয়াড়ি এবং ইপিজেড থানাধীন বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসানোর পিছনে তার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে মর্মে এলাকার জনসাধারণ অভিযোগ করেন। তার বিরুদ্ধে প্রশাসনকে ফাঁকি দিয়ে দুর্গম ও নির্জন এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলার জন্য জুয়ার, ঘর তৈরি, জুয়াড়িদের অভয়, প্ররোচনা ও সহায়তার মাধ্যমে জুয়ার আসর বসানোর অভিযোগে রয়েছে। জুয়া খেলা আয়োজনের দায়ে তার বিরুদ্ধে থাকা তিনটি মামলা হয় থানায়। ওসব মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।











