রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তার কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীদের বিরুদ্ধে। গতকাল বুধবার বেলা ১১টায় আইইডিসিআর পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটেছে বলেছেন অধ্যাপক কাজী আহমেদ জাকি। তবে ঠিক কী কারণে ড্যাব কর্মীরা তাকে লাঞ্ছিত করল, সে বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করেননি তিনি। খবর বিডিনিউজের।
একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সংস্থাটির কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, সকালে পরিচালক নিজ কক্ষে কাজ করছিলেন। বেলা ১১টার দিকে ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ–আইন বিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসানসহ কয়েকজন এসে পরিচালকের রুমে প্রবেশ করেন। এরপরই পরিচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন তারা।
এদিকে অধ্যাপক কাজী আহমেদ জাকিরকে কার্যালয়ে ঢুকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমদকে আহ্বায়ক করে তিন সদস্যের ওই কমিটি করা হয়েছে বলে বুধবার মন্ত্রণালয়ের এক অফিস আদেশে বলা হয়েছে। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন উপসচিব (প্রশাসন–১ শাখা) ইমতিয়াজ হোসেন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক মো. জাহিদ রায়হানকে সদস্য করা হয়েছে। এ ঘটনার পর ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ–আইন বিষয়ক সম্পাদক চিকিৎসক জাহিদ হাসানের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সংগঠনটি।












