চট্টগ্রামের ১৫ উপজেলায় হাম-রুবেলা টিকা পেল ৯৯.৫৭ শতাংশ শিশু

ক্যাম্পেইনের সময় বাড়ল ২০ মে পর্যন্ত একটি শিশুও যাতে বাদ না পড়ে তাই সময় বৃদ্ধি : সিভিল সার্জন

জাহেদুল কবির | মঙ্গলবার , ১২ মে, ২০২৬ at ৭:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ১৫ উপজেলায় হামরুবেলার টিকা প্রদান আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে চট্টগ্রামের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে উপজেলায় ১০ মে পর্যন্ত এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত টিকা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতকাল পর্যন্ত উপজেলাগুলোতে হামরুবেলার টিকা পেয়েছে ৬ লাখ ৯২ হাজার ৫০৩ শিশু। টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার ৪৬৭ শিশু। লক্ষ্যমাত্রার হিসেবে এখন পর্যন্ত ৯৯ দশমিক ৫৭ শতাংশ টিকা পেয়েছে।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আনোয়ারা উপজেলায় গতকাল পর্যন্ত টিকা পেয়েছে ৩৬ হাজার ৯৩৩ শিশু, বাঁশখালী উপজেলায় ৬৮ হাজার ৬১৩ শিশু, বোয়ালখালী উপজেলায় টিকা পেয়েছে ২৫ হাজার ৯৯৬ শিশু, চন্দনাইশ উপজেলায় ৩২ হাজার ১৪৯ শিশু, ফটিকছড়ি উপজেলায় ৭১ হাজার ৭৭৬ শিশু, হাটহাজারী উপজেলায় ৫১ হাজার ১৮৯ শিশু, কর্ণফুলী উপজেলায় ২৫ হাজার ৪২২ শিশু, লোহাগাড়া উপজেলা ৪৩ হাজার ৫৭৬ শিশু, মীরসরাই উপজেলায় ৫৩ হাজার ৪৫৭ শিশু, পটিয়া উপজেলায় ৪৪ হাজার ১২০ শিশু, রাঙ্গুনিয়া উপজেলায় ৫১ হাজার ৭৫৯ শিশু, রাউজান উপজেলায় ৪৩ হাজার ৩৭৪ শিশু, সন্দ্বীপ উপজেলায় ৩৮ হাজার ৮৫৭ শিশু, সাতকানিয়া উপজেলায় ৪৮ হাজার ৮৫৯ শিশু এবং সীতাকুণ্ড উপজেলায় ৫৬ হাজার ৪২৩ জন শিশু হামরুবেলার টিকা পেয়েছে।

জানা গেছে, দেশব্যাপী হামের প্রকোপ বাড়ার কারণে সরকার দেশব্যাপী টিকা প্রদানের কর্মসূচি হাতে নিয়েছে। আগে হামের প্রথম ডোজ ৯ মাস বয়সী শিশুদের দেয়া হলেও এখন সেটি ৩ মাস এগিয়ে ৬ মাস করা হয়েছে। ক্যাম্পেইনে টিকা দেয়া হচ্ছে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের। প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় কাজ করছে ৪৮টি স্থায়ী টিম, ২০৫টি অস্থায়ী টিম, ৪১টি মপআপ টিম এবং ১৪টি সন্ধ্যাকালীন টিকাদান সেশন।

অন্যদিকে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ২০০টি ইউনিয়ন ও ৬০০টি ওয়ার্ডে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ৪ হাজার ৮১৫টি টিকাদান কেন্দ্র কাজ করছেন ৯২৯ জন মাঠকর্মী, ৫২৪ জন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) এবং ৩৭১ জন মেডিকেল অফিসার।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, চট্টগ্রামের ১৫ উপজেলায় লক্ষ্যমাত্রা অনুযায়ী ৯৯ দশমিক ৫৭ শতাংশ শিশু হামরুবেলা টিকা পেয়েছে। টিকা প্রদানের ক্যাম্পেইনের সময়সীমা ১০ মে পর্যন্ত নির্ধারিত ছিল। পরবর্তীতে একটি শিশুও যাতে টিকা থেকে বাদ না পড়ে সে কারণে সময় সীমা আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় অটোরিকশা চালককে হত্যা করে ছিনতাই, দুইজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সীমান্তে বেড়া দিতে বিএসএফকে জমি দিচ্ছে শুভেন্দু সরকার