ট্রাম্প, এপস্টেইন ও রাশিয়া নিয়ে নতুন তথ্য

ডয়চে ব্যাংকের নথি ফাঁস

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৬:১৪ পূর্বাহ্ণ

জার্মানির শীর্ষস্থানীয় ডয়চে ব্যাংকের দেড় কোটির বেশি অভ্যন্তরীন নথি ফাঁস হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টেইন এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে ব্যাংকটির লেনদেন নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর একটি জোটের উদ্যোগে মঙ্গলবার প্রকাশিত ‘ইনসাইড ডয়চে ব্যাংক’ শীর্ষক অনুসন্ধানী প্রতিবেদন জার্মানির বৃহত্তম এই ব্যাংকটিকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। অর্থ পাচার রোধে ব্যর্থতার পর দীর্ঘ কয়েক বছর ধরে ব্যাংকটি নিজেদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল। খবর বিডিনিউজের। অনুসন্ধানে নামা ফরাসি সংবাদমাধ্যম ‘লা মঁদ’ জানিয়েছে, লাখ লাখ ইমেইল, বৈঠকের কার্যবিবরণী ও অভ্যন্তরীন প্রতিবেদনসহ এসব নথি ফাঁস করেছেন দুজন তথ্যদাতা। নিরাপত্তার কথা ভেবে তাদের নাম–পরিচয় ও ব্যাংকের সঙ্গে তাদের সম্পর্কের বিষয়টি গোপন রাখা হয়েছে। ওই দুই ব্যক্তি সংবাদমাধ্যমগুলোকে বলেছেন, ব্যাংকটি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে তাদের মনে হয়েছে এবং জনস্বার্থের কথা ভেবেই তারা নথিগুলো সামনে এনেছেন।

ডয়চে ব্যাংক জানিয়েছে, অনুসন্ধানে যেসব বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সেগুলো ‘অনেক বছর আগের’ এবং এরপর থেকে তারা নিজেদের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করেছে। নথিতে ট্রাম্পের মালিকানাধীন কোম্পানিগুলোর ৩০ লাখ ডলারেরও বেশি লেনদেনের তথ্য শনাক্ত করা হয়েছে, যার মধ্যে রাশিয়া ও আজারবাইজানের সন্দেহভাজন অর্থ পাচার চক্রের সঙ্গে সংশ্লিষ্ট লেনদেনও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনাৎসি আমলের বিরোধ পেরিয়ে রেকর্ড দামে বিক্রি ভ্যান গগের চিত্রকর্ম
পরবর্তী নিবন্ধকৃত্রিম বুদ্ধিমত্তার যুগে কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ হিউম্যান