১০০০ ব্যাগ রক্ত সংগ্রহের ঐতিহাসিক মাইলফলক অর্জন

শাহ্‌ এমদাদীয়ার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মওলানা শাহ্‌ সুফি সৈয়দ আহমদ উল্লাহর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে মানবতার সেবা ও আর্তমানবতার কল্যাণে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে ১০০০ ব্যাগ রক্ত সংগ্রহের এক ঐতিহাসিক মাইলফলক অর্জন করেছে আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্‌ এমদাদীয়া)। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্‌ এমদাদীয়া) আজাদীবাজার শাখা, পূর্ব ধর্মপুর দায়রা শাখা, উত্তর ধর্মপুর দায়রা শাখা ও দক্ষিণ ধর্মপুর দায়রা শাখার যৌথ আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম ও মাইজভাণ্ডারী শাহ্‌ এমদাদীয়া ব্লাড ডোনার্স গ্রুপের সহযোগিতায় ফটিকছড়ি আজাদীবাজারে গতকাল বৃহস্পতিবার আয়োজিত কর্মসূচিতে আরও ৫০ ব্যাগ রক্ত সংগ্রহের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদানে ১০০০ ব্যাগের এই গৌরবময় লক্ষ্য অর্জিত হয়েছে।

আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্‌ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ জানান, শাহ্‌ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারীর পৃষ্ঠপোষকতায় এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের (ডিরি) ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারীর সার্বিক তত্ত্বাবধানে রক্তদান কর্মসূচি পালন করা হয়। রক্তদান কর্মসূচি মাঠপর্যায়ে পরিচালনা ও সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত জেলা প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করেন মুহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, মুহাম্মদ আবুল মনছুর, শেখ শাকিল মাহমুদ, এ এম কামাল উদ্দীন, মুহাম্মদ সালাহ উদ্দীন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মুহাম্মদ নুরুল কবির, মুহাম্মদ আবদুল করিম, মুহাম্মদ আবুল কাশেম, মুহাম্মদ খায়রুল ইসলাম সুজন, মুহাম্মদ সোহেল চৌধুরী, ডা. সায়েম উদ্দীন তাহসিন। ১০০০ ব্যাগের এই মাইলফলক অর্জনের মধ্য দিয়ে মানবসেবামূলক রক্তদান কার্যক্রম ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপতেঙ্গায় দুই দোকান থেকে ১২৬ কেজি পলিথিন জব্দ