রোহিঙ্গাদের জিনের শিকড় মিয়ানমার ও পূর্ব এশিয়া

জনসংখ্যাগত জেনোমিক্স গবেষণায় তথ্য

| শুক্রবার , ২০ নভেম্বর, ২০২৬ at ৫:৪৬ পূর্বাহ্ণ

মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী রোহিঙ্গাদের দেশটির সরকার তাদের নিজস্ব জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে আসছে। মিয়ানমারের শাসক গোষ্ঠী বারবার রোহিঙ্গাদের ‘বাঙালি’ তথা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে অভিহিত করে বছরের পর বছর ধরে দেশের নাগরিকত্ব এবং মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। রোহিঙ্গাদের ওপর চলেছে গণহত্যা, বাধ্য করা হয়েছে তাদের দেশ ছেড়ে বাংলাদেশে পালিয়ে এসে শরণার্থীর জীবন বেছে নিতে। মিয়ানমারের বিরুদ্ধে ২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গা গণহত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার যখন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘিরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আশায় বুক বাঁধছে, তখন তাদের জাতিগোষ্ঠীর আদি শিকড় সম্পর্কে নতুন তথ্য উঠে এসেছে। টেলিগ্রাফ ইন্ডিয়া বৃহস্পতিবার এক খবরে বলেছে, বাস্তুচ্যুত ও রাষ্ট্রহীন রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিচালিত প্রথম জনসংখ্যাগত জেনোমিক্স গবেষণায় দেখা গেছে, তাদের পূর্বপুরুষদের মূল শিকড় ছিল পূর্ব–দক্ষিণ এশিয়া। হাজার বছর আগেই মিয়ানমারের অন্যান্য জনগোষ্ঠীর সঙ্গে তাদের জিনগত সংমিশ্রণের প্রমাণ শনাক্ত করা হয়েছে। খবর বিডিনিউজের।

খবরে বলা হয়, বাংলাদেশ ও ভারতের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, আদি রোহিঙ্গা এবং মিয়ানমারের জনগোষ্ঠীর মধ্যে ৭০১ থেকে ৯৭৪ বছর আগে কোনও এক সময়ে জিনগত সংমিশ্রণ শুরু হয়েছিল। এটি মিয়ানমারের আরাকান অঞ্চলই যে রোহিঙ্গাদের ঐতিহাসিক শিকড়, সে সম্পর্কে বাকি বিশ্বকে জিনগত সূত্রের কথা জানান দেয়। জিনগত গবেষণাটির অন্যতম সহযোগী এবং ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের পপুলেশন জেনোমিঙ বিজ্ঞানী জ্ঞানেশ্বর চৌবে টেলিগ্রাফকে বলেন, ‘আমাদের গবেষণার ফলাফল রোহিঙ্গাদের জিনগত শিকড় পূর্ব ভারতীয় অঞ্চলে খুঁজে পেয়েছে। পাশাপাশি প্রায় হাজার বছর আগে আরাকান অঞ্চলে তাদের উপস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রমাণও আমরা পেয়েছি।’ খবরে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন বিজ্ঞানী গাজী নূরুন নাহার সুলতানা কঙবাজারের শরণার্থী ক্যাম্পে বসবাসরত ২৫ জন রোহিঙ্গার রক্তের নমুনা সংগ্রহ করেন। গবেষকরা তাদের জিনের পাশাপাশি ২৭ বাংলাদেশি মুসলিম, ৯ হিন্দু, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বম সমপ্রদায়ের ৯ জনের রক্তের নমুনা এবং আগে প্রকাশিত ২ হাজার ২১৭ জন ইন্দো–ইউরেশীয় ব্যক্তির জিনগত তথ্য বিশ্লেষণ করেন। পরবর্তীতে গত মঙ্গলবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘সায়েন্টিফিক রিপোর্টস’ এ সম্পর্কিত গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। গবেষণায় দেখা গেছে, আদি রোহিঙ্গা জনগোষ্ঠী এবং মিয়ানমারের তিব্বতীয়–বর্মী ভাষাভাষী জনগোষ্ঠীর মধ্যে জিনগত সংমিশ্রণ হয়েছিল। এখনো রোহিঙ্গাদের জিনে সে প্রমাণ রয়ে গেছে। জেনেটিক মডেলিং ব্যবহার করে গবেষকরা অনুমান করেছেন যে, রোহিঙ্গা ও তিব্বতীয় বর্মীদের মধ্যে এই সংমিশ্রণটি ৭০১ থেকে ৯৭৪ বছর আগে ঘটেছিল।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা আবদুর রহিম আল-কাদেরী স্মরণে দোয়া মাহফিল