গণমাধ্যমের সার্বিক উন্নয়ন এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ শক্তিশালী করতে সরকার একটি গণমাধ্যম কমিশন গঠন করতে যাচ্ছে বলে জানিয়েছেন সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ। তিনি বলেন, গণমাধ্যম–সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে এ কমিশন গঠন করা হবে এবং এটি স্বাধীন গণমাধ্যমের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। গতকাল শনিবার চট্টগ্রামে কয়েকটি দৈনিক পত্রিকার ব্যুরো অফিস পরিদর্শন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সৈয়দ আবদাল আহমদ বলেন, অপতথ্য ও গুজব এখন স্বাধীন সাংবাদিকতার অন্যতম বড় চ্যালেঞ্জ। পরাজিত ফ্যাসিবাদী গোষ্ঠী নানা মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। এ পরিস্থিতিতে সাংবাদিকদের সত্য, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অপপ্রচারের মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের কাছে তোষামোদ নয়, দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে। দেশের অগ্রগতি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। খবর বাংলানিউজের।
সামপ্রতিক সময়ে কিছু গণমাধ্যম অতীতের স্বৈরাচারী শাসনামলের ধারা অনুসরণের চেষ্টা করছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পতিত শক্তির পক্ষে বিভ্রান্তিকর বয়ান তৈরির অপচেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে। সরকার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। এর আগে বান্দরবানে তথ্য অধিদপ্তর আয়োজিত সাংবাদিকদের এক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এ সময় তাকে স্বাগত জানান চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি ও সাংবাদিক সোহাগ কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি ও চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।












