রাঙ্গুনিয়া আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরীর প্রচেষ্টায় উপজেলার পারুয়া ইউনিয়নের দুটি সড়কের সংস্কার কাজ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার গোয়াছপাড়া মাওলানা জাহাঙ্গীর হুজুর বাড়ি সড়ক এবং উত্তর পারুয়া নাথপাড়া সড়কের ঢালাই কাজ শুরু হয়।
জেলা পরিষদের অর্থায়নে ও তত্ত্বাবধানে সড়ক দুটির উন্নয়নমূলক কাজ আরসিসি ঢালাইয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হয়। উদ্বোধন করেন উত্তর জেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক মো. সেকান্দর। উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ, ইউপি সদস্য মোহাম্মদ মাহবুব আলম প্রমুখ।
স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর পারুয়া নাথপাড়া সড়কটি দিয়ে প্রায় অর্ধশত পরিবার নিয়মিত যাতায়াত করে। পাশাপাশি কৃষকদের ফসলি জমিতে যাতায়াতের জন্যও এই সড়কটি গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন পর সড়ক দুটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।












