খাগড়াছড়িতে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জীবনরক্ষাকারী স্বাস্থ্যসেবার সহজলভ্যতা ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে অ্যাক্সেস টু এন্ড ইউটিলাইজেশন অব লাইফসেভিং সার্ভিসেস বাই মার্জিনালাইজড কমিউনিটিস ইন চিটাগং হিল ট্র্যাক্টস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের জেলা পর্যায়ের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার খাগড়াছড়ি পর্যটন মোটেলে উন্নয়ন সংস্থা জাবারাং এর আয়োজনে এবং হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে এফআইভিডিবি। সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। জাবারাং কল্যাণ সমিতি খাগড়াছড়ির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, অতিরিক্ত জেলা প্রশাসক হাসান মারুফ, প্রকল্প টিম লিডার এস এম খালেদুল আহসান, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য মাতৃস্বাস্থ্য, নবজাতক ও শিশুসহ জরুরি স্বাস্থ্যসেবার প্রাপ্যতা বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবা গ্রহণে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সেবার কার্যকারিতা জোরদারে কাজ করা হবে। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় অংশীজনরা উপস্থিত ছিলেন।












