চট্টগ্রামের কর্ণফুলীতে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শহিদ (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি (বন্দর) বিভাগ। গতকাল শুক্রবার সকালে উপজেলার মইজ্জ্যারটেক সিডিএ আবাসিক এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মো. শহিদ শরীয়তপুর জেলার গোসাইর হাট থানার নাগের পাড়া ইউপির প্যাদার বাড়ির মৃত মো. মোতালেব হোসেনের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডিবি পুলিশ জানায়, মাদকের চালান আসছে এমন গোপন তথ্যের ভিত্তিতে মইজ্জ্যারটেক এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহজনক শহিদকে তল্লাশি করে তার কাছ থেকে ৭ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি নীল–হলুদ রঙের পুরাতন কাভার্ড ভ্যান জব্দ করা হয়।












