চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ না দেওয়া, বিদেশিদের করিডোর সুবিধা প্রদান বন্ধ রাখা এবং শ্রমিক–কর্মচারীদের বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে বরিশালে শ্রমিক সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচির আয়োজন করে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের বরিশাল জেলা শাখা। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতি ও জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কৌশলগত স্থাপনা। তাই বন্দর বিদেশি প্রতিষ্ঠানের কাছে লিজ দেওয়া বা বিদেশিদের করিডোর সুবিধা দেওয়ার যেকোনো উদ্যোগ জাতীয় স্বার্থের পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান তারা। এ সময় বক্তারা শ্রমিক–কর্মচারীদের সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, শ্রমজীবী মানুষের জন্য পেনশন ভাতা চালু এবং পে কমিশনের সঙ্গে মঞ্জুরি কমিশন ঘোষণাসহ ৮ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশ শেষে একই দাবিতে অংশগ্রহণকারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।











