সেঞ্চুরিয়ান টেস্টের দ্বিতীয় দিনেই পরাজয় চমকাচ্ছিল বাংলাদেশের দিকে। তৃতীয় দিনের পুরোটা লাগেনি। দেড় সেশনেই শান্ত বাহিনী মুখ থুবড়ে পড়েছে দক্ষিণ আফ্রিকার সামনে। ভিয়ান মুল্ডারের নিয়ন্ত্রিত বোলিংয়ে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হেরে যায় সফরকারীরা। সুপার স্পোর্ট পার্কে দক্ষিণ আফ্রিকার জয় ইনিংস ও ২১৯ রানে। দুই ম্যাচেই বড় জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল তারা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার পথে আরও এগিয়ে গেল প্রোটিয়ারা। ৯ ম্যাচে ৭২ পয়েন্ট (৭৭.৭৭ শতাংশ) নিয়ে শীর্ষস্থান আরও পোক্ত হলো তাদের। বিপরীতে ১০ ম্যাচে ৪৪ পয়েন্ট (৩৬.৬৭ শতাংশ) নিয়ে এক ধাপ পিছিয়ে ছয়ে নেমে গেল বাংলাদেশ। আগের দিন করা ৭ উইকেটে ৪৯৪ রানেই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে দেয় স্বাগতিকরা। ৪০৩ রানের বিশাল লিডের নিচে চাপা পড়ে যায় বাংলাদেশ। প্রথম ইনিংসের তুলনায় কিছুটা ‘উন্নতি’ করে দ্বিতীয়বার ১৮৪ রানে গুটিয়ে যায় নাজমুল হোসেন শান্তর দল। সব মিলিয়ে ম্যাচে খেলা হয় ১৯৮.১ ওভার। এর মধ্যে ১১৫ ওভার খেলে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৮৩.১ ওভারে দুই ইনিংসের ২০ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। তাতে প্রোটিয়াদের মাঠে বাংলাদেশের নাজুক পরিসংখ্যান নেমে গেল আরও তলানিতে। প্রথম ইনিংসে মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদার তোপে পড়া বাংলাদেশ এবার মুল্ডারের কোনো জবাব খুঁজে পায়নি। ব্যাট হাতে একমাত্র ইনিংসে সেঞ্চুরি করা অলরাউন্ডার বোলিংয়ে ৩১ রানে নেন ৭ উইকেট। এটিই তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট। বাংলাদেশের বিপক্ষে একই টেস্টে সেঞ্চুরি ও ৫ উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার মুল্ডার। টেস্ট ইতিহাসে একই সেঞ্চুরির পাশাপাশি ইনিংসে ৭ উইকেট নেওয়া পঞ্চম ক্রিকেটার তিনি। বিশাল লিডের বোঝা মাথায় নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকে নড়বড়ে ছিল বাংলাদেশ। বারবার ব্যাটের কানা ছুঁয়ে গেলেও বেঁচে যান মাহফিজুল ইসলাম ও তানজিদ হাসান। অস্বস্তিময় সময়ের মাঝেই জুটির পঞ্চাশ পূর্ণ করেন তারা। দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশের দ্বিতীয় পঞ্চাশছোঁয়া উদ্বোধনী জুটি এটি। শেষ পর্যন্ত মুল্ডারের বলে খোঁচা মেরে থামে তানজিদের ২৯ রানের ইনিংস। মুল্ডারের পরের ওভারে লেগ স্টাম্পের বাইরের বলে কট বিহাইন্ড মুমিনুল হক। দক্ষিণ আফ্রিকায় বাঁহাতি এই ব্যাটসম্যানের ১২ ইনিংসে মোট সংগ্রহ ১২৪ রান, গড় ১০.৩৩! ভাগ্যের ছোঁয়া পেয়ে শুরুর পরীক্ষায় উৎরে গেলেও বেশিক্ষণ টেকা হয়নি মাহফিজুলের। ইয়ানসেনের বলে শট না খেলে এলবিডব্লিউ হন তরুণ ওপেনার। ফেরার আগে করেন এখন পর্যন্ত তার ৩৮ রান। অভিষেক সিরিজে ৪ ইনিংসে ২২ বছর বয়সী ওপেনার করলেন ৯৩ রান। লাঞ্চ বিরতির আগে আর বিপদ ঘটতে দেননি তাওহিদ হৃদয় ও শান্ত। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে চতুর্থ উইকেট জুটিতে পঞ্চাশ রান যোগ করেন দুজন। তাদের বেশি দূর এগোতে দেননি রাবাদা। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা মেরে গালিতে ধরা পড়েন হৃদয়। ৭ চার ও ১ ছক্কায় ৩৩ বলে তিনি করেন ৪১ রান। হৃদয়কে দিয়েই শুরু হয় ব্যাটিং ধস। বেশি কিছু করতে পারেননি লিটন কুমার দাস। মুল্ডারের দারুণ এক ডেলিভারি বোল্ড হন কিপার–ব্যাটার।
একাদশে ফেরার ম্যাচে আরও একবার হতাশ করেন জাকের আলি। একপ্রান্তে কিছুক্ষণ লড়াইয়ের চেষ্টা করেন শান্ত। হুট করেই মুল্ডারের বলে ছক্কা মারতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বাংলাদেশ অধিনায়ক। সিরিজে নিজের সর্বোচ্চ ৩৪ রান করেন তিনি। সব মিলিয়ে ৪ ইনিংসে তার সংগ্রহ মোটে ৬১ রান। পরে চার পেসারকে গুঁড়িয়ে দিতে বেশি সময় নেননি মুল্ডার ও ইয়ানসেন। ম্যান অব দা ম্যাচ ভিয়ান মুল্ডার এবং ম্যান অব দা সিরিজ: মার্কেস অ্যাকারম্যান। টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হওয়ার পর বাংলাদেশের সামনে এবার ওয়ানডে অভিযান। কুগোম্পো সিটিতে আগামী ১ ডিসেম্বর প্রথম ওয়ানডে খেলতে নামবে তারা।












