‘আমি হব আগামীর রাঙ্গুনিয়া’ স্লোগানে রাঙ্গুনিয়ায় মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গত শনিবার রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৬০০ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, সনদ ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। আল হাইথাম কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাৎ হোসেন। ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ শাহের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন ট্রাস্টের পরিচালক মো. আনিসুল ইসলাম শাহেদ। উদ্বোধক ছিলেন কৃষিবিদ সনজীব সুশীল।
বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রক শিক্ষক এম মোরশেদ আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সহসভাপতি আব্বাস হোসাইন আফতাব, আল হাইথামের শিক্ষা বিভাগের প্রতিনিধি শিক্ষক রিয়াজুল ইসলাম ও নাজমুল করিম ফরহাদ, তৌসিফ আকবর, মোহাম্মদ হোসাইন, জাহেদুর রহমান, শিক্ষক খোরশেদ আলম, বিমল কান্তি শীল, জানে আলম রানা ও শিক্ষানুরাগী গোলাম মোস্তফা সিরাজী।
আয়োজকেরা জানান, ৩১ অক্টোবর প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে রাঙ্গুনিয়ার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ের দুই হাজারের বেশি শিক্ষার্থী বিনামূল্যে অংশ নেয়। প্রতিযোগিতায় সেরা তিন স্থান অর্জনকারীদের পাশাপাশি তিনটি পৃথক ক্যাটাগরিতে প্রায় ৬০০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এছাড়া ২০টি বিদ্যালয় থেকে নির্বাচিত ৪০ জনের বেশি মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীর আগামী এক বছরের পড়াশোনার ব্যয় বহনের ঘোষণা দেওয়া হয়েছে।












