উদীচী চট্টগ্রাম জেলা সংসদের আহ্বায়ক কমিটি গঠন

| রবিবার , ১১ অক্টোবর, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম জেলা সংসদের ২৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমল কান্তি নাথকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে অধ্যাপক শীলা দাশগুপ্ত ও নওশাদ আলম চৌধুরীকে। এছাড়া ২০ জনকে সদস্য করা হয়েছে। গতকাল শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে উদীচী কেন্দ্রীয় সংসদের আহ্বানে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় তিন মাসের মধ্যে সম্মেলন করে চট্টগ্রাম জেলা সংসদের পূর্ণাঙ্গ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে। উদীচীর জ্যেষ্ঠ সংগঠক অমল কান্তি নাথের সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম, সহসভাপতি প্রবীর সরদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম, সাংগঠনিক সম্পাদক কাজী আনিস, সদস্য সাগর পাল এবং বীর মুক্তিযোদ্ধা বালাগাত উল্লাহ, চট্টগ্রামের সংগঠক প্রবাল দে, নুরুচ্ছাফা ভূঁইয়া, শীলা দাশগুপ্ত ও জয় সেন বক্তব্য রাখেন। সভায় মাহমুদ সেলিম বলেন, মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি ও বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, বাংলা সংস্কৃতির ঐতিহ্য এবং স্বাধীনতার মূল আদর্শ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। রবীন্দ্রনাথের ছবিতে কালি লাগিয়ে দেওয়ার মতো দুঃসাহস দেখাচ্ছে চিহ্নিত গোষ্ঠী। এ অবস্থায় আর নীরব থাকার সুযোগ নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরায়পুর ইউনিয়ন ছাত্রসেনার প্রশিক্ষণ কর্মশালা
পরবর্তী নিবন্ধচক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মতবিনিময়