বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে বড় লিড নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭ উইকেটে ৪৯৪ রান। এতে ৪০৩ রানের বড় ব্যবধানে এগিয়ে রয়েছে তারা। সুপার স্পোর্ট পার্কে ২০০৮ সালে বাংলাদেশ ইনিংস ও ৪৮ রানে হেরেছিল। দক্ষিণ আফ্রিকার রানের চাপে পিষ্ট সফরকারীদের এবারও কঠিন চ্যালেঞ্জ পাড়ি দিতে হবে। আগের দিনের বিবর্ণ বোলিং ও ফিল্ডিংয়ে গতকালও কোনো উন্নতি করতে পারেনি বাংলাদেশ। একাধিক ক্যাচ হাতছাড়া করেছে তারা। বোলাররাও স্বাগতিকদের চাপে ফেলতে পারেননি।
তিন সেশনেই দুটি করে উইকেট হারালেও অনায়াসে ব্যাটিং করে সারা দিনে ওভারপ্রতি গড়ে ৪.১৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। সকালের সেশনে রীতিমতো টি–টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে টানা দ্বিতীয় ম্যাচে দেড়শছোঁয়া ইনিংস খেলেন মার্কেস অ্যাকারম্যান। আগ্রাসী ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার হয়ে দ্রুততম দেড়শ রানের রেকর্ড গড়েন তিনি। সেঞ্চুরি করেন ভিয়ান মুল্ডার। এছাড়া ফিফটি করেন টনি ডি জর্জি ও মার্কো ইয়ানসেন।
৪৬ রানে দিন শুরু করে ফিফটি ছুঁতে বেশি সময় নেননি অ্যাকারম্যান। এরপর ইতিবাচক ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন বাঁহাতি এই ওপেনার। অন্য প্রান্তে জুবেইর হামজা ধীরেসুস্থে খেললেও অ্যাকারম্যান দলের রানরেট কমতে দেননি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি হামজা। পানি পানের বিরতির আগের ওভারে তাকে ফেরান সৈয়দ খালেদ আহমেদ। স্টাম্পের ওপর থাকা ডেলিভারি ফ্লিক করতে গিয়ে ব্যাট–প্যাড হয়ে গালিতে ক্যাচ দেন ২৭ রান করা এই ব্যাটসম্যান।
সঙ্গী ফিরলেও দমে যাননি অ্যাকারম্যান। মাত্র ১১১ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই খেলতে নেমে ৩৬তম ওভারে আক্রমণে আসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার এক ওভারে দুটি করে চার ও ছক্কা মেরে ২০ রান নেন অ্যাকারম্যান। এরপর আর বোলিংয়ে দেখা যায়নি বাংলাদেশ অধিনায়ককে। কিছুক্ষণ পর টনি ডি জর্জির ফিরতি ক্যাচ নিতে গিয়েও ব্যর্থ হন তাসকিন আহমেদ। এদিকে শরিফুলের ফুলটস অ্যাকারম্যানের প্যাডে লাগার পর আম্পায়ার আঙুল তুলতে সময় নেননি। রিভিউ নিয়েও রক্ষা পাননি প্রোটিয়া ওপেনার। ১৫০ রানে থামে তার ইনিংস।
অ্যাকারম্যানের বিদায়ের পরও স্বাগতিকদের ওপর চাপ সৃষ্টি করতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় সেশনে ওভারপ্রতি ৪ রান করে ১২৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। এ সময় তারা হারায় রায়ান রিকেলটন ও ম্যাথু ব্রিটস্কির উইকেট। জীবন পেয়েও কাজে লাগাতে পারেননি ব্রিটস্কি। ১০ রানে থাকতে ইবাদত হোসেন চৌধুরীর বলে স্লিপে তার ক্যাচ ছাড়েন শান্ত। এরপর আর ১০ রান যোগ করে খালেদের বলে কভারে জাকের আলির হাতে সহজ ক্যাচ তুলে দেন ব্রিটস্কি। রিকেলটন শরিফুলের অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে ডিপ পয়েন্টে জাকেরের হাতে ধরা পড়েন।
৬৭তম ওভারে কুঁচকির চোটে মাঠ ছাড়েন লিটন। দিনের বাকি সময় উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলান জাকের। পরে ৬৯তম ওভারে মুমিনুলের প্রথম দুই বলে অল্পের জন্য বেঁচে যান ডি জর্জি। বিরতিতে যাওয়ার আগে ১০৩ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। অন্য প্রান্তে মুল্ডার ফিফটি করতে খেলেন ৮৭ বল। দ্বিতীয় নতুন বল নেওয়ার পর ষষ্ঠ ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। তাসকিনের বলে কট বিহাইন্ড হন ১৩৭ বলে ৬৬ রান করা ডি জর্জি। ততক্ষণে দক্ষিণ আফ্রিকার লিড তিনশর কাছাকাছি পৌঁছে যায়।
এরপর মার্কো ইয়ানসেনকে নিয়ে এগিয়ে যান মুল্ডার। নতুন বল পেয়েও এই জুটিতে ফাটল ধরাতে পারেনি বাংলাদেশ। মাত্র ৫৮ বলে ফিফটি করেন ইয়ানসেন। শতরানের জুটি পূর্ণ হওয়ার আগেই থামতে পারত মুল্ডার–ইয়ানসেন জুটি। মুমিনুলের বলে শর্ট কভারে ইয়ানসেনের ক্যাচ ছাড়েন মাহফিজুল ইসলাম। ৫৮ রানে জীবন পান এই পেস বোলিং অলরাউন্ডার। দিনের শেষ ওভারে সেঞ্চুরি পূর্ণ করেন মুল্ডার। এরপর তাওহিদ হৃদয়ের বলে আউট হন তিনি। হৃদয়ের ক্যারিয়ারের প্রথম শিকার হয়ে ড্রেসিংরুমে ফেরেন মুল্ডার (১০০)। ৬৭ রানে অপরাজিত থাকা ইয়ানসেনকে নিয়ে তৃতীয় দিন শুরু করবেন সাইমন হার্মার।












