লোহাগাড়া ও ফটিকছড়ি উপজেলায় পৃথক ঘটনায় দুই যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাতে লোহাগাড়ায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে এক যুবককে ছুরিকাঘাত করা হয়। অন্যদিকে, গতকাল সন্ধ্যায় ফটিকছড়ির কাঞ্চননগরে এক যুবককে ডেকে নিয়ে বুকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত দুজনকেই উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লোহাগাড়ার ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
লোহাগাড়া প্রতিনিধি জানান, উপজেলার বটতলী কাঁচা বাজার এলাকায় মোবাইল ফোনকে কেন্দ্র করে বিরোধের জেরে মোহাম্মদ আশেক (৩৫) নামে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত আশেক লোহাগাড়া সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ছমত আলী মুন্সি পাড়ার মৃত কামাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় মোহাম্মদ আরমান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কঙবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা মহল্লাকুম এলাকার নুরুল ইসলামের ছেলে এবং বটতলী কাঁচা বাজারে মাছ কাটার কাজ করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোবাইল ফোন সংক্রান্ত বিষয় নিয়ে আশেকের সঙ্গে আরমানের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। লোহাগাড়া থানার এসআই নুর উদ্দিন জানান, এ ঘটনায় আরমান নামে একজনকে গ্রেপ্তার করে পরদিন আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার ব্যাপারে তদন্ত চলছে।
ফটিকছড়ি প্রতিনিধি জানান, উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে আসাদুজ্জামান (২০) নামে এক যুবককে ডেকে নিয়ে বুকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গতকাল সন্ধ্যার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নোয়াত্যে পাড়ার দক্ষিণ পাশে বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি আসাদুজ্জামানকে বাজারসংলগ্ন ওই এলাকায় ডেকে নিয়ে যায়। একপর্যায়ে তারা অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে বুকে ছুরিকাঘাত করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে হামলাকারীদের ধাওয়া দিলে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় আসাদুজ্জামানকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আসাদুজ্জামানের বাবা আসেক উল্লাহ জানান, কী কারণে তার ছেলেকে ছুরিকাঘাত করা হয়েছে, তা তিনি জানেন না। ছেলের বুকে ছুরিকাঘাত করা হয়েছে এবং তার অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তর্কবিতর্কের একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।










