তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে মালিকপক্ষের দেওয়া সংশোধিত ১৫ হাজার ৭০০ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন শ্রমিক নেতারা। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে এ প্রস্তাব কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন তারা। একই সঙ্গে সরকারের হস্তক্ষেপে দ্রুত একটি বাস্তবসম্মত ও জীবনভিত্তিক মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক প্রতিনিধিরা। গতকাল নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় বৈঠক শেষে বোর্ডের চেয়ারম্যানের বিবৃতির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শ্রমিক সংগঠনের নেতারা এসব কথা বলেন। খবর বাংলানিউজের।
মজুরি বোর্ডের বৈঠকে শুরুতে শ্রমিকপক্ষ ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিলেও পরে তা কমিয়ে সংশোধিত প্রস্তাবে ২২ হাজার টাকা দাবি করে। অন্যদিকে, মালিকপক্ষ শুরুতে ১৫ হাজার টাকা প্রস্তাব করলেও সংশোধিত প্রস্তাবে তা বাড়িয়ে ১৫ হাজার ৭০০ টাকা নির্ধারণের কথা জানায়।
মালিকপক্ষের এ প্রস্তাবের তীব্র সমালোচনা করে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের নেতা আহসান হাবিব বুলবুল এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া একই সুরে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, ‘মালিকপক্ষের এই প্রস্তাব বর্তমান বাজার ব্যয়ের সঙ্গে কোনোভাবেই সংগতিপূর্ণ নয়।
এমনকি দেশি–বিদেশি গবেষণা প্রতিষ্ঠান, শ্রমিক সংগঠনগুলোর প্রস্তাব কিংবা নবম পে–স্কেলের আগে পরিচালিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের সঙ্গেও এর কোনো মিল নেই। এই বাজারে সামান্য এই মজুরিতে শ্রমিকের পক্ষে চলা অসম্ভব।’ সরকারের সরাসরি হস্তক্ষেপ কামনা করে এই দুই নেতা আরও বলেন, ‘সরকার গ্যাস বা জ্বালানি তেলের যে দাম নির্ধারণ করে দেয়, এর নিচে কেউ তা বিক্রি করে না। তাই আমরা আশা করি, সরকার এখানে হস্তক্ষেপ করে দ্রুত সময়ের মধ্যে শ্রমিকদের জন্য বাস্তবসম্মত ও জীবনভিত্তিক একটি মজুরি ঘোষণা করবে।’











