অনিয়ম চার ভবনের মালিককে ৪৬ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন ম | বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৭:৩৮ পূর্বাহ্ণ

অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ এবং সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়াসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে চট্টগ্রাম নগরের অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। অভিযানে চারটি ভবনের মালিককে মোট ৪৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি নির্মাণকাজ বন্ধ রাখতে ১০টি ভবন সিলগালা করে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সিডিএর অথরাইজড–১–এর আওতাধীন এলাকায় সংস্থাটির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় সিডিএর অথরাইজড অফিসার–১ কাজী কাদের নেওয়াজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিডিএ জানায়, অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক এলাকার মোট ১৬টি ভবন পরিদর্শন করে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে অনুমোদিত নকশা অনুসরণ না করে ভবন নির্মাণ এবং সড়কের জন্য নির্ধারিত জায়গা না ছাড়াসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় চারটি ভবনের মালিককে মোট ৪৬ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া নির্মাণকাজ বন্ধ রাখতে ১০টি ভবন সিলগালা এবং একটি ভবনের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সিডিএর অথরাইজড অফিসার–১ কাজী কাদের নেওয়াজ জানান, নগরে অপরিকল্পিত নগরায়ণ রোধ এবং ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়নে সিডিএ কঠোর অবস্থানে রয়েছে। অনুমোদিত নকশা ও সড়কের জন্য নির্ধারিত জায়গা মেনে ভবন নির্মাণের জন্য মালিকদের সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের কোন এলাকার মানুষ কোথায় বেশি মামলা করেন
পরবর্তী নিবন্ধসাবেক এমপি মোস্তাফিজ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের চার্জশিট