আইনগত প্রতিকার পাওয়ার ক্ষেত্রে চট্টগ্রাম মহানগর ও জেলার মানুষের আইনি অভ্যাসে এক স্পষ্ট ভৌগোলিক ও মনস্তাত্ত্বিক ভিন্নতা উন্মোচিত হয়েছে। একই অঞ্চলের অধিবাসী হওয়া সত্ত্বেও কোনো এলাকার মানুষ বিরোধে জড়িয়েই ছুটেন নিকটস্থ থানায় (জিআর) মামলা দায়ের করতে, আবার কোনো এলাকার অধিবাসীরা থানা পুলিশকে এড়িয়ে সরাসরি হাজির হন বিচারকের এজলাসে (সিআর) মামলা নিয়ে। চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের চলতি বছরের আইনি নথির তথ্য বিশ্লেষণে আইনপ্রয়োগকারী সংস্থা ও বিচার ব্যবস্থার ওপর সাধারণ মানুষের এই বৈচিত্র্যময় নির্ভরতার চিত্র উঠে এসেছে। নথি পর্যালোচনা করে দেখা যায়, চট্টগ্রাম নগরের ১৬টি থানা এলাকার মধ্যে সরাসরি থানায় (জিআর) মামলা রুজুর শীর্ষে অবস্থান করছে আকবরশাহ, যেখানে প্রতি মাসে গড়ে ১০০টি মামলা হয়। অপরদিকে, থানায় সবচেয়ে কম মামলা হয় ইপিজেড এলাকায়, গড়ে মাত্র ৪৩টি। থানা এড়িয়ে সরাসরি সিএমএম আদালতে (সিআর) মামলা দায়ের করার ক্ষেত্রে একক প্রাধান্য বজায় রেখেছেন চান্দগাঁও এলাকার অধিবাসীরা, যেখানে মাসিক গড় হচ্ছে ৫১৫টি। এর বিপরীতে আদালতে মামলা দায়েরের হার সবচেয়ে কম পাহাড়তলী এলাকায়, প্রতি মাসে গড়ে মাত্র ২৪টি।
অন্যদিকে জেলা পর্যায়ের ১৭টি প্রশাসনিক থানা এলাকার মধ্যে থানায় (জিআর) মামলা দায়েরের দিক থেকে সীতাকুণ্ড শীর্ষে রয়েছে (মাসে গড়ে ৯১টি মামলা)। আর দক্ষিণ রাঙ্গুনিয়ায় এই হার সর্বনিম্ন, যেখানে প্রতি মাসে গড়ে মাত্র ৫টি মামলা রেকর্ড হয়। অন্যদিকে সিজেএম আদালতে (সিআর) মামলা ঠোকার ক্ষেত্রে শীর্ষে থাকা বাঁশখালীর মানুষ প্রতি মাসে গড়ে ১৬২টি মামলা করেন, আর সর্বনিম্ন ১৮টি মামলার মাধ্যমে এ তালিকার সবচেয়ে নিচে অবস্থান করছে দক্ষিণ রাঙ্গুনিয়া।
মহানগরী অংশ : শিল্পাঞ্চলে থানার প্রাধান্য, বাণিজ্যিক ও আবাসন এলাকায় আদালতের ঝোঁক : চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসির চলতি বছরের প্রথম ৯ মাসের (জানুয়ারি থেকে সেপ্টেম্বর) মামলা সংক্রান্ত তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, নগরের শিল্প ও মহাসড়ক সংলগ্ন এলাকাগুলোতে থানায় (জিআর) মামলা রুজুর হার তুলনামূলক উচ্চ। এ সময়ে আকবরশাহ থানায় প্রতি মাসে গড়ে ১০০টি মামলা নথিভুক্ত হয়, যা নগরীর মধ্যে সর্বোচ্চ। এর পরের দুই অবস্থানে রয়েছে কোতোয়ালী ও বায়েজিদ বোস্তামী, যেখানে মাসিক মামলার গড় যথাক্রমে ৯৪ ও ৯৩। অন্যদিকে মধ্যবিত্ত ও ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক বা আবাসিক এলাকাগুলোতে থানা পুলিশের চেয়ে সিএমএম আদালতের প্রতি আইনি ভরসা বেশি দেখা গেছে। তালিকায় চার ও পাঁচ নম্বরে থাকা চান্দগাঁও ও ডবলমুরিং থানায় মাসে গড়ে যথাক্রমে ৮৯ ও ৭৫টি মামলা হয়। বাকলিয়া ও পাঁচলাইশ থানায় মাসিক গড় মামলার সংখ্যা ৭৪ ও ৬৭। মধ্যবর্তী অবস্থানে থাকা কর্ণফুলী, পাহাড়তলী, খুলশী ও হালিশহর থানায় এ সংখ্যা ৬৪ থেকে ৪৯–এর মধ্যে। তবে উপকূলীয় ও বাণিজ্যিক অঞ্চল বন্দর, পতেঙ্গা, সদরঘাট, চকবাজার এবং ইপিজেড এলাকায় থানায় (জিআর) মামলা দায়েরের গতি অপেক্ষাকৃত ধীর, যা মাসে ৪৩ থেকে ৪৫টির মধ্যে সীমাবদ্ধ। এর মধ্যে ইপিজেড থানায় নগরীর সর্বনিম্ন সংখ্যক মামলা (৪৩টি) নথিভুক্ত হয়।
আদালতের বিচারকের এজলাসে (সিআর) মামলা দায়েরের চিত্রে দেখা যায় উল্টো মেরুকরণ। চান্দগাঁও এলাকার অধিবাসীরা প্রতি মাসে গড়ে ৫১৫টি মামলা সরাসরি সিএমএম আদালতে গিয়ে ঠোকেন, যা পুরো মহানগরীর মধ্যে অনন্য রেকর্ড। বাণিজ্যিক ও জনবহুল কেন্দ্র হওয়ায় কোতোয়ালী ও ডবলমুরিং থেকে প্রতি মাসে গড়ে যথাক্রমে ৩৫২ ও ১৯৪টি মামলা আদালতে দাখিল করা হয়। পর্যায়ক্রমে বাকলিয়া ও পাঁচলাইশ এলাকা থেকে যথাক্রমে ১৮৩ ও ১২০টি আবেদন সিএমএম আদালতে জমা পড়ে। বায়েজিদ, চকবাজার, হালিশহর, কর্ণফুলী ও খুলশী এলাকার (সিআর) মামলা ৬০ থেকে ৮৯টির কোঠায় অবস্থান করছে। এর বিপরীতে বন্দর, ইপিজেড, পতেঙ্গা, আকবরশাহ ও সদরঘাট এলাকার অধিবাসীদের মাধ্যমে আদালতে দায়ের হওয়া মামলার সংখ্যা ৩২ থেকে ৫৯টির মধ্যে সীমিত। নগরীর থানাগুলোর মধ্যে পাহাড়তলী এলাকার মানুষের মাধ্যমে আদালতে (সিআর) মামলা দায়েরের হার সবচেয়ে কম, যেখানে মাসে গড়ে মাত্র ২৪টি আবেদন নথিভুক্ত হয়।
জেলা অংশ : গ্রামীণ বিরোধ ও আদালতের প্রাধান্য : চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসি’র আগস্ট ও সেপ্টেম্বর মাসের তথ্য বিশ্লেষণে দেখা যায়, জেলার ১৭টি থানা এলাকার মধ্যে মহাসড়ক ও শিল্প এলাকা বেষ্টিত সীতাকুণ্ড থানায় এজাহার দায়েরের হার সর্বাধিক, যেখানে মাসে গড়ে ৯১টি মামলা রেজিস্টার্ড হয়। কাছাকাছি অবস্থানে থাকা পটিয়া ও বাঁশখালী থানায় প্রতি মাসে গড়ে যথাক্রমে ৯০ ও ৮৭টি মামলা রিসিভ হয়। ফটিকছড়ি ও সন্দ্বীপে এই সংখ্যা ৬৪ ও ৫৪। দক্ষিণ চট্টগ্রাম ও দূরবর্তী উপজেলা লোহাগাড়া, সাতকানিয়া, হাটহাজারী, জোরারগঞ্জ ও আনোয়ারায় থানায় (জিআর) মামলা রুজুর গড় মাসে ৩৪ থেকে ৪১টির মধ্যে। তবে রাউজান, রাঙ্গুনিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, ভুজপুর ও মীরসরাই এলাকায় থানা পুলিশে অভিযোগ জানানোর হার বেশ কম, যা ১৪ থেকে ৩১টির মধ্যে ওঠানামা করে। সমগ্র জেলার প্রশাসনিক এলাকার মধ্যে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা নথিভুক্তির হার সর্বনিম্নে অবস্থান করছে, সেখানে প্রতি মাসে গড়ে মাত্র ৫টি এজাহার দায়ের করা হয়। প্রসঙ্গত, রাঙ্গুনিয়ার সরফভাটা, শিলক, পদুয়া ও কোদালা ইউনিয়ন নিয়ে ২০২২ সালের ৯ এপ্রিল দক্ষিণ রাঙ্গুনিয়া থানার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। কিন্তু জজ কোর্ট প্রাঙ্গণে সিজেএম আদালতে গিয়ে নালিশি (সিআর) পিটিশন দায়েরের পরিসংখ্যানে প্রথম স্থান অধিকার করেছে উপকূলীয় উপজেলা বাঁশখালী। সেখানকার অধিবাসীরা মাসে গড়ে ১৬২টি মামলা সরাসরি আদালতের দ্বারস্থ হয়ে দাখিল করেন। পার্শ্ববর্তী হাটহাজারী ও সীতাকুণ্ডের অধিবাসীরা প্রতি মাসে যথাক্রমে ১৩১ ও ১১২টি আবেদন নিয়ে আদালতে পৌঁছান। তালিকার পরবর্তী অংশে থাকা ফটিকছড়ি ও পটিয়া থেকে প্রতি মাসে শতকের ঘরে (১০৮ ও ১০২টি) মামলা সিজেএম আদালতে জমা পড়ে। আনোয়ারা, সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, রাঙ্গুনিয়া ও ভুজপুর এলাকা থেকে প্রতি মাসে গড়ে ৭৪ থেকে ৯৮টি মামলা দাখিল করা হয়। দ্বীপ উপজেলা সন্দ্বীপসহ মীরসরাই, রাউজান ও বোয়ালখালীর অধিবাসীদের নালিশি আবেদনের সংখ্যা ৫৪ থেকে ৬৫টির মধ্যে। জোরারগঞ্জ এলাকার মানুষ মাসে গড়ে ৩৩টি মামলা করলেও, সিজেএম আদালতেও মামলা দায়েরের ক্ষেত্রে সবচেয়ে কম উপস্থিতি দক্ষিণ রাঙ্গুনিয়ার মানুষের, যেখানে মাসে গড়ে দায়ের হয় মাত্র ১৮টি মামলা। ফলে জেলার থানা পুলিশ ও বিচারক–উভয় দরবারেই মামলা দায়েরের সর্বনিম্নে অবস্থান করছে এই অঞ্চলটি।
সংশ্লিষ্টরা বলছেন, জনমিতি, লেনদেনের ধরন ও অপরাধের প্রকৃতি অনুযায়ী মানুষের আইনগত প্রতিকার নেওয়ার জায়গা বদলে যায়। দ্রুত পুলিশি পদক্ষেপ ও আলামত জব্দের প্রয়োজন হলে (যেমন–ছিনতাই, হাতাহাতি বা চুরি) শিল্প ও মহাসড়ক সংলগ্ন এলাকার মানুষ থানায় (জিআর) যান। আর বাণিজ্যিক চেক ডিজঅনার, জমি জমার পুরোনো বিরোধ বা সালিশে অসন্তোষ থাকলে মানুষ সরাসরি আদালতে (সিআর) মামলা করেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন দৈনিক আজাদীকে জানান, থানাকে অনেকে ঝামেলাপূর্ণ মনে করায় আদালতে যান, যদিও অনেক ক্ষেত্রে পুলিশের ওপরই ভরসা করতে হয়। তিনি বলেন, দক্ষিণ রাঙ্গুনিয়ার মানুষ শান্তিপ্রিয় বলে উভয় জায়গাতেই উপস্থিতি সবচেয়ে কম।












