বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার তথ্য উঠে এসেছে একটি জরিপে। চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত বড় ও মাঝারি কারখানাগুলোর পরিস্থিতি মূল্যায়ন করে তাতে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি শ্রমিকের সংখ্যা কমেছে। নতুন বিনিয়োগ ও নিয়োগও হয়নি। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান–বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ–বিসিআইয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপের ফল মঙ্গলবার এক অনুষ্ঠানে তুলে ধরা হয়। খবর বিডিনিউজের।
‘বিআইডিএস–বিসিআই ইভালুয়েট ১০০ সূচক’–এর প্রথম রাউন্ডে এপ্রিল–জুন প্রান্তিকে দেশের ১৩০টি কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের সঙ্গে উৎপাদন, উপকরণ ব্যবহার, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাবের তুলনা করা হয়েছে।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ সংকটের মধ্যে গত এপ্রিল ও জুনে দুই দফা তেলের দাম বাড়ানো হয়। জুনে বাড়ানো হয় বিদ্যুতের দাম।
বিআইডিএস ও বিসিআইয়ের জরিপ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এপ্রিল–জুন প্রান্তিকে মাঝারি ও বড় শিল্পকারখানার প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় প্রায় একই ছিল। তবে ৪০টি কারখানায় উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে, তবে ৩০টিতে কমেছে।
কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার ব্যবহারও কমেছে। গড় সক্ষমতার ব্যবহার ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। বস্ত্রশিল্পে এ হার ৭৩ শতাংশ থেকে নেমে এসেছে ৫৫ শতাংশে এবং উৎপাদন কমেছে ২০ শতাংশ। তবে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ। উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহকে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল থেকে জুন– এ তিন মাসে প্রতিদিন গড়ে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে ৪ দশমিক ১ ঘণ্টা, যা গেল বছরের চেয়ে দ্বিগুণ। গ্যাস বিভ্রাট শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টা।
বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট কারখানা ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশে দাঁড়িয়েছে। ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে প্রধান বাধা বলেছে। প্রতি কারখানায় জ্বালানি খরচ ৫ শতাংশ ও পরিবহন খরচ ১০ শতাংশ বেড়েছে। ৯৪ শতাংশ কারখানায় কাঁচামালের দাম বেড়েছে।
কর্মসংস্থানের ক্ষেত্রেও নেতিবাচক চিত্র উঠে এসেছে জরিপে। মোট শ্রমিক সংখ্যা ১ শতাংশ কমেছে। ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় শ্রমিক সংখ্যা ৩ লাখ ৭ হাজার ১০০ থেকে কমে ৩ লাখ ৫ হাজার ৭০০ হয়েছে। নতুন নিয়োগ ও চাকরি ছাড়া কমেছে ১৯ শতাংশ। নতুন নিয়োগের বেশিরভাগেই আগের শ্রমিকের জায়গা পূরণ।
ব্যবসায়িক মনোভাবের সূচকেও দুর্বলতা দেখা গেছে। আগের তিন মাস তুলনায় এপ্রিল–জুন প্রান্তিকে কারখানার ব্যবসায়িক পরিস্থিতির পাঁচটি সূচকই ৫০–এর নিচে রয়েছে। পরের তিন মাসের প্রত্যাশিত সূচক ৪৯ থেকে ৫৪। অর্থাৎ উদ্যোক্তারা অবনতি থামার এবং উৎপাদন কিছুটা বাড়বে বলে আশা করেছেন।












