হামের উপসর্গ নিয়ে দেশে ৯, ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৭:৪৬ পূর্বাহ্ণ

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৯ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৫ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনায় একজন করে মারা গেছেন।

সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬১ জনের মৃত্যু হল। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৫৬ জন। বাকি ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছিল। খবর বিডিনিউজের।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৬৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২২৫ জন, চট্টগ্রামে ১২৯, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৫, বরিশালে ৭১, খুলনায় ৬২ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত এক দিনে চার জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে এক জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়াল ৫২৪ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৯৮৫ জনে। যার মধ্যে ১ লাখ ৭০ হাজার ৬০০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৪ হাজার ৮৬১ জন।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়ার দুয়ার খুলছে বৃহস্পতিবার, বিনা খরচায় যাচ্ছেন ১১২ কর্মী
পরবর্তী নিবন্ধব্যাংক থেকে টাকা তুলে লন্ড্রির দোকানে, ব্যাগ থেকে উধাও ৫০ হাজার