প্রতি ঘণ্টায় আপনজনের হাতে খুনের শিকার ৫ নারী ও মেয়েশিশু : জাতিসংঘ

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২৬ at ৮:২৭ পূর্বাহ্ণ

জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রায় ৪৭ হাজার নারী ও মেয়েশিশু খুন হয়েছেন। এই হিসাব অনুযায়ী, বিশ্বে গড়ে প্রতি ঘণ্টায় পাঁচজন নারী ও মেয়েশিশু আপনজনের হাতে খুন হয়েছে। খবর বিডিনিউজের।

মঙ্গলবার জাতিসংঘের এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। অন্যদিকে, জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন–এর আলাদা এক প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বজুড়ে প্রতি তিন নারীর মধ্যে প্রায় একজন শারীরিক বা যৌন সহিংসতার শিকার হন। তবে ভুক্তভোগীদের মধ্যে মাত্র ৭ শতাংশ পুলিশের কাছে অভিযোগ করেন। জাতিসংঘ বলেছে, দুটি প্রতিবেদনের তথ্য এক করা হলে সহিংসতার এক ভয়াবহ চিত্র ফুটে ওঠে– যা সমাজে ব্যাপকভাবে ছড়িয়ে আছে। এসব ঘটনা বেশির ভাগ সময়ই লোকচক্ষুর আড়ালে থেকে যায় এবং অপরাধীদের শাস্তিও হয় কদাচিৎ। ফলে নারীরা তাদের সুরক্ষার জন্য গড়ে ওঠা বিচার ও আইনশৃঙ্খলা ব্যবস্থার ওপর থেকে ক্রমেই আস্থা হারিয়ে ফেলছেন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসকে সামনে রেখে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং ইউএন উইমেন যৌথভাবে ২০২৬ ফেমিসাইড ব্রিফ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে দেখা গেছে, গতবছর বিশ্বজুড়ে ইচ্ছাকৃতভাবে হত্যা করা ৭৮ হাজার নারী ও মেয়েশিশুর মধ্যে ৬০ শতাংশই নিজ সঙ্গী বা আত্মীয়স্বজনের হাতে প্রাণ হারিয়েছে। সহিংসতা থেকে বেঁচে ফেরা অনেক নারীর জন্যই নিপীড়নের বিরুদ্ধে মুখ খোলার মানে হল– নিজের আশ্রয়, সন্তান, আর্থিক নিরাপত্তা এমনকি জীবনকেও চরম ঝুঁকির মুখে ফেলা।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইউএন উইমেন–এর উপনির্বাহী পরিচালক নিয়ারাদজাই গুম্বনজভান্ডা বলেন, বিদ্যমান বিচার ব্যবস্থায় নীরব থাকাটাই সবচেয়ে নিরাপদ হওয়ায় সহিংসতার শিকার নারীদের সহায়তা চাওয়ার প্রবণতা কমে যাচ্ছে। তিনি বলেন, আমরা দীর্ঘ সময় ধরে যেসব দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তার বেশির ভাগ ক্ষেত্রেই এই নীরবতা আরও গভীর হচ্ছে। আগের তুলনায় বর্তমানে সহায়তা চাওয়া নারীর সংখ্যা কমে গেছে। আমরা আসলে পেছনের দিকে হাঁটছি। ভুক্তভোগীরা কোনও শারীরিক প্রমাণ দেখাতে না পারলেও কিংবা নির্যাতনের প্রতিটি খুঁটিনাটি বিবরণ মনে করতে না পারলেও তাদের কথা বিশ্বাস করার জন্য তিনি সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, কাউকে বিশ্বাস করতে কোনও অর্থ ব্যয় হয় না।

অথচ নির্যাতনের শিকার একজন মানুষকে বিশ্বাস করা প্রতিবারই পরিস্থিতি বদলে দিতে পারে। ৫৪টি দেশের তথ্য বিশ্লেষণ করে ইউএন উইমেন অ্যাক্সেস টু জাস্টিস ফর উইমেন সারভাইভরস অব ভায়োলেন্স শীর্ষক প্রতিবেদন তৈরি করেছে। এতে বিশ্বজুড়ে ৮৪ কোটি নারী ও মেয়েশিশুর তাদের জীবদ্দশায় কোনও না কোনও সময় শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হওয়ার তথ্য বেরিয়ে এসেছে।

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানি নভোচারীসহ অভিযানে যাচ্ছে চীনের শেনঝৌ-২৪ মহাকাশযান