১০ বছর পর কন্টেনার পরিবহনের ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একইসাথে ডলারের বিনিময় হারকে ভিত্তি করে ভাড়া নির্ধারণ করতে চায় রেলওয়ে। আমদানি–রপ্তানিমুখী কন্টেনার পরিবহনের খাত থেকে আয় বাড়াতে ভাড়া নির্ধারণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দূরত্বভিত্তিক রেয়াতি সুবিধা প্রত্যাহার এবং রেলপথের বড় সেতু ও ভায়াডাক্ট ব্যবহারের জন্য অতিরিক্ত মাশুল আরোপেরও চিন্তাভাবনা করা হচ্ছে। এতে রেলওয়ের আয় বাড়লেও আমদানি–রপ্তানি পণ্য পরিবহন খাতে ব্যয় বৃদ্ধি পাবে। এর প্রভাব সাধারণ ভোক্তার ওপর পড়বে বলে সংশ্লিষ্টরা মন্তব্য করেছেন।
সূত্র বলেছে, চট্টগ্রাম বন্দর থেকে বিপুল সংখ্যক আমদানি পণ্য বোঝাই কন্টেনার ঢাকার কমলাপুর আইসিডিতে পরিবহন করা হয়। একইভাবে কমলাপুর আইসিডি থেকেও বিপুল সংখ্যক রপ্তানি পণ্য বোঝাই কন্টেনার চট্টগ্রাম বন্দরে এনে জাহাজিকরণ করা হয়। আমদানি এবং রপ্তানি পণ্য বোঝাই এসব কন্টেনার রেলওয়ে পরিবহন করে। ২০১৬ সালে নির্ধারিত ভাড়ায় এসব কন্টেনার পরিবহন করা হয়। গত ১০ বছরে জ্বালানি তেলের দাম দ্বিগুণ হলেও রেলওয়ে কর্তৃপক্ষ ভাড়া বাড়ায়নি। অবশেষে রেলওয়ে কর্তৃপক্ষ ভাড়া বাড়ানোর উদ্যোগ নিয়েছে। তবে এই ভাড়া বৃদ্ধি ডলারের বিনিময় হারকে ভিত্তি করে নির্ধারণ করা হচ্ছে। এজন্য রেলওয়ের গঠিত উচ্চ পর্যায়ের একটি কমিটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করেছে।
কমিটির পর্যালোচনার উদ্ধৃতি দিয়ে সংশ্লিষ্ট সূত্র বলেছে, গত তিন দশকে বাংলাদেশি টাকায় কন্টেনার পরিবহনের ভাড়া বাড়লেও ডলারের হিসাবে তা উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। ফলে বৈদেশিক বাণিজ্যের সঙ্গে সংশ্লিষ্ট এ খাত থেকে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না রেলওয়ে। নতুন ব্যবস্থায় ডলারের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে পরিবহন মাশুল সমন্বয় করতে চায় রেলওয়ে।
সূত্র জানায়, গত বছরের শেষ দিকে রেলের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত একটি সভায় কন্টেনার পরিবহনের ভাড়া ডলারের বিনিময় হারের সঙ্গে সমন্বয়ের প্রসঙ্গটি উত্থাপিত হয়। এর প্রেক্ষিতে রেলওয়ের পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজারের কার্যালয় চার সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির দায়িত্ব ছিল বিদ্যমান মাশুল, ভাড়া নির্ধারণের সময়কার ডলারের বিনিময় হার এবং বর্তমান বিনিময় হার পর্যালোচনা করে বিভিন্ন আকারের বোঝাই ও খালি কন্টেনার পরিবহনের জন্য ডলারভিত্তিক মাশুল নির্ধারণের সুপারিশ করা। কমিটি তাদের বিশ্লেষণ ও সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার পর তা যাচাই–বাছাই করে চূড়ান্ত অনুমোদনের জন্য রেল ভবনে পাঠানো হয়েছে। প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
রেলওয়ের হিসাব অনুযায়ী, ১৯৯২ সালে প্রতি মার্কিন ডলারের বিনিময় মূল্য ছিল ৩৯ টাকা ১০ পয়সা। ২০১৬ সালে ৭৮ টাকা ৮০ পয়সা ছিল। এ সময়ে টাকার অংকে কন্টেনার পরিবহনের ভাড়া কয়েক দফা বাড়ানো হলেও ডলারের বিনিময় হারের সঙ্গে সামঞ্জস্য রাখা হয়নি। ১৯৯২ সালে চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা কমলাপুর আইসিডিতে ২০ ফুট দীর্ঘ ১৫ টন পর্যন্ত ওজনের কন্টেনার পরিবহনের ভাড়া ছিল ৬ হাজার টাকা, ডলারের বিনিময় হারের হিসেবে যা ছিল ১৫৩ দশমিক ৩৪ ডলার। ২০১২ সালে ভাড়া বাড়িয়ে ৯ হাজার টাকা করা হলেও ডলারের হিসাবে তা নেমে আসে ১০৯ দশমিক ৭৬ ডলারে। ২০১৬ সালে ভাড়া আরও বাড়িয়ে ৯ হাজার ৭০০ টাকা করা হলেও ডলারের হিসাবে তখনও তা ছিল ১২৩ দশমিক ৫৭ ডলার। ১৯৯২ সালের তুলনায় ২০১৬ সালে টাকায় ভাড়া প্রায় ৬২ শতাংশ বাড়লেও ডলারের হিসাবে কমেছে প্রায় ১৯ দশমিক ৪ শতাংশ।
একই পথে ২০ টন পর্যন্ত ওজনের ২০ ফুট কন্টেনার পরিবহনের ভাড়া ১৯৯২ সালে ছিল ৮ হাজার টাকা বা ২০৪ দশমিক ৪৫ ডলার। ২০১২ সালে তা বেড়ে ১২ হাজার টাকা হলেও ডলারের হিসাবে নেমে আসে ১৪৬ দশমিক ৩৪ ডলারে। ২০১৬ সালে ১২ হাজার ৯০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়, যা ডলারে ছিল ১৬৪ দশমিক ৩৩।
এছাড়া ২৫ টনের বেশি ওজনের ২০ ফুট এবং ৩০ টন পর্যন্ত ওজনের ৪০ ফুট কন্টেনার পরিবহনের ভাড়া ১৯৯২ সালে ছিল ১০ হাজার টাকা বা ২৫৫ দশমিক ৫৯ ডলার। ২০১২ সালে তা বেড়ে ১৫ হাজার টাকা হলেও ডলারের হিসাবে কমে ১৮২ দশমিক ৯৩ ডলারে দাঁড়ায়। ২০১৬ সালে ১৬ হাজার ১০০ টাকা ভাড়া নির্ধারণ করা হলেও ডলারের হিসাবে তা ছিল ২০৫ দশমিক ১০ ডলার। ৩০ টনের বেশি ওজনের ৪০ ফুট কন্টেনারের ভাড়া ১৯৯২ সালে ১৪ হাজার টাকা বা ৩৫৭ দশমিক ৭৮ ডলার থেকে ২০১৬ সালে বেড়ে ২২ হাজার ৬০০ টাকা হলেও ডলারের হিসাবে দাঁড়ায় ২৮৭ দশমিক ৯০ ডলার।
কমলাপুর আইসিডি থেকে চট্টগ্রাম বন্দরে কন্টেনার পরিবহনের ক্ষেত্রেও একই অবস্থা বিরাজ করছে উল্লেখ করে সূত্র বলেছে, ১৯৯২ সালে এ পথে ২০ ফুট দীর্ঘ ১৫ টন পর্যন্ত ওজনের কন্টেনার পরিবহনের ভাড়া ছিল ৩ হাজার টাকা বা ৭৬ দশমিক ৬৭ ডলার। ২০১২ সালে ভাড়া বেড়ে ৪ হাজার ৫০০ টাকা হলেও ডলারের হিসাবে তা কমে ৫৪ দশমিক ৮৮ ডলারে দাঁড়ায়। ২০১৬ সালে ৪ হাজার ৯০০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়, যা ডলারের হিসাবে ছিল ৬২ দশমিক ৪২।
একইভাবে ২০ টন পর্যন্ত কন্টেনার পরিবহনের ভাড়া ১৯৯২ সালে ৪ হাজার টাকা বা ১০২ দশমিক ২২ ডলার থেকে ২০১৬ সালে বেড়ে ৬ হাজার ৫০০ টাকা হলেও ডলারের হিসাবে ছিল ৮২ দশমিক ৮০ ডলার। ২৫ টন পর্যন্ত কন্টেনারের ক্ষেত্রে ১৯৯২ সালে ৪ হাজার ৫০০ টাকা বা ১১৫ ডলারের ভাড়া ২০১৬ সালে বেড়ে ৭ হাজার ৩০০ টাকা হলেও ডলারের হিসাবে দাঁড়ায় ৯২ দশমিক ৯৯ ডলার। উভয় দিকের পরিবহনে টাকার অংকে ভাড়া বাড়লেও ডলারের হিসাবে রেলওয়ের আয় কমেছে।
রেলওয়ে সূত্র জানায়, ২০১২ সালের ১ অক্টোবর নতুন ভাড়া কার্যকর করা হয়েছিল। পরে ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি যাত্রী, পার্সেল, পণ্য ও কন্টেনার পরিবহনের ভাড়া ৯ দশমিক ২৩ শতাংশ বাড়ানো হয়। ভবিষ্যতে কন্টেনার পরিবহনের মাশুল পুনঃর্নির্ধারণের সময় ডলারের বিনিময় হার বিবেচনায় নেওয়া হবে উল্লেখ করে সূত্র বলেছে, পাশাপাশি প্রতি ছয় মাস অন্তর বিনিময় হারের ওঠানামা পর্যালোচনা করে মাশুল সমন্বয়ের সুযোগ রাখা হবে।
রেলওয়ের কর্মকর্তারা বলেন, একই কন্টেনার পরিবহনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২৫ সালের ট্যারিফ অনুযায়ী, বিভিন্ন ধরনের পাওনা ও চার্জ মার্কিন ডলারে অথবা জাহাজ আগমনের দিন সোনালী ব্যাংকের ঘোষিত ডলারের বিক্রয় হারে বাংলাদেশি টাকায় পরিশোধের সুযোগ রয়েছে। অন্যদিকে রেলওয়ের তিনটি আন্তঃদেশীয় ট্রেনের যাত্রীভাড়াও প্রতি ছয় মাস অন্তর ডলারের বিনিময় হারের সঙ্গে সমন্বয় করা হয়। কন্টেনার পরিবহনেও একই ধরনের কাঠামো চালুর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ডলারের বিনিময় হারের পাশাপাশি পরিবহন মাশুল বাড়ানোর আরও দুটি উপায় বিবেচনায় নিয়েছে রেলওয়ে। এর একটি হচ্ছে দূরত্বভিত্তিক রেয়াতি সুবিধা প্রত্যাহার এবং অন্যটি সেতু, কালভার্ট ও ভায়াডাক্ট ব্যবহারের জন্য অতিরিক্ত মাশুল বা পন্টেজ চার্জ আরোপ।
রেলওয়ে ১৯৯২ সাল থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে পণ্য ও যাত্রী পরিবহনের ক্ষেত্রে দূরত্ব অনুযায়ী ২০, ২৫ ও ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে আসছিল। ২০১২ সালে সেকশনভিত্তিক রেয়াত বাতিল করা হলেও দূরত্বভিত্তিক ছাড় বহাল ছিল। পরে ২০২৪ সালের ৪ মে এ সুবিধাও প্রত্যাহার করা হয়। তবে কন্টেনার পরিবহনের মাশুলে এ ধরনের সুবিধা ও ছাড়ের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করা হচ্ছিল। এবার কন্টেনার পরিবহনের ক্ষেত্রেও বিদ্যমান রেয়াতি সুবিধা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে রেলপথের বড় সেতু ও ভায়াডাক্ট ব্যবহারের জন্য পন্টেজ চার্জ আরোপের সুপারিশ করা হয়েছে। ২০২৫ সালের ২০ ডিসেম্বর রেলওয়ের পূর্বাঞ্চলের ছয়টি যাত্রীবাহী রুটে ১০০ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের ১১টি সেতু ও ভায়াডাক্ট ব্যবহারের জন্য অতিরিক্ত মাশুল আরোপ করা হয়। এতে রুটভেদে যাত্রীভাড়া ৫ থেকে ২২৬ টাকা পর্যন্ত বেড়েছে।
রেলওয়ের পূর্বাঞ্চলে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগজুড়ে আটটি রুটে ১০০ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের ২৮টি সেতু রয়েছে। এসব সেতু ও ভায়াডাক্টের রক্ষণাবেক্ষণ এবং অবকাঠামো উন্নয়নে অতিরিক্ত ব্যয়ের কারণে পন্টেজ চার্জ আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে। গত অর্থবছরে এ ধরনের মাশুল থেকে অতিরিক্ত প্রায় ২২১ কোটি টাকা রাজস্ব এসেছে।
আগে সেতুর প্রকৃত দৈর্ঘ্যের পরিবর্তে প্রতি কিলোমিটার সেতুর জন্য ভাড়া নির্ধারণে ১৭ কিলোমিটার দূরত্ব গণনা করা হতো। নতুন ব্যবস্থায় তা বাড়িয়ে ২৫ কিলোমিটার করা হয়েছে। এতে বিভিন্ন রুটে ভাড়া নির্ধারণের জন্য গণনাকৃত দূরত্ব ৪ থেকে ৫১ কিলোমিটার পর্যন্ত বেড়েছে। এবার কন্টেনার পরিবহনের ক্ষেত্রেও সেতু ও ভায়াডাক্ট ব্যবহারের জন্য অতিরিক্ত মাশুল আরোপের সুপারিশ করা হয়েছে।
রেলওয়ের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, ২০১৬ সালের পর রেলের ভাড়া বাড়ানো হয়নি। অথচ এ সময়ে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। গত দুই বছরে আয়–ব্যয়ের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হলেও ভাড়া সমন্বয় ছাড়া রেলওয়েকে লাভজনক অবস্থানে নেওয়া কঠিন। কন্টেনার পরিবহনের মাশুল ডলারের বিনিময় হারের সঙ্গে সমন্বয় করা গেলে এ খাত থেকে উল্লেখযোগ্য পরিমাণ বাড়তি রাজস্ব আসবে।
তিনি বলেন, কন্টেনার পরিবহনের সক্ষমতা বাড়ানোর জন্য ইঞ্জিন ও অন্যান্য সরঞ্জামের সংকট কাটানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। কন্টেনার পরিবহনের সুযোগ সম্প্রসারণের পর নতুন মাশুল কাঠামো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, ডলারের বিনিময় হারের সঙ্গে ভাড়া সমন্বয়, রেয়াত প্রত্যাহার এবং পন্টেজ চার্জ আরোপ করা হলে রেলওয়ের রাজস্ব আয় বাড়বে। তবে এর ফলে আমদানি–রপ্তানিকারকদের পরিবহন ব্যয় উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যাবে। বিশেষ করে চট্টগ্রাম বন্দর ও ঢাকা আইসিডির মধ্যে নিয়মিত কন্টেনার পরিবহনকারী ব্যবসায়ীরা নতুন মাশুল কাঠামোর সরাসরি প্রভাবের মুখে পড়বেন। এর ধকল সামলাতে হবে সাধারণ ভোক্তাকে।







