সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ১০১ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোটগুলো থেকে ২৮টি ট্রলিং জাল ও ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় অপারেশন ‘কোরাল দ্বীপ’-এর আওতায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড জাহাজ ‘অপূর্ব বাংলা’।
অভিযান চলাকালে ওই এলাকায় মাছ ধরার পাঁচটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট শনাক্ত করে জব্দ করা হয়। পরে বোটগুলোতে তল্লাশি চালিয়ে ২৮টি ট্রলিং জাল, ১৩ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছসহ ১০১ জন জেলেকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা ট্রলিং বোট, জাল, মাছ ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন
রয়েছে।
মৎস্য সম্পদ রক্ষায় অবৈধ ট্রলিং প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।












