চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয়, মহানগর ও কলেজ শাখার নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের বিরুদ্ধে। আজ মঙ্গলবার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি। এ ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে সংগঠনটি। তবে হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ছাত্রশিবির।
আজ বিকেল সাড়ে তিনটায় হাজী মুহাম্মদ মহসিন কলেজের প্রধান ফটকে এর প্রতিবাদে সমাবেশ করেছে ছাত্রশক্তি। সেখানে উপস্থিত নেতারা দাবি করেন, পরিচয় গোপন করে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা কলেজে তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এ সময় ‘শিবির শিবির, গুপ্ত গুপ্ত’ স্লোগান দেন ছাত্রশক্তির নেতা-কর্মীরা। হামলাকারীদের শনাক্ত করে প্রশাসনিক শাস্তির দাবিও জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তাহমিদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, তিনি কলেজ শাখার নেতাদের নিয়ে ক্যাম্পাস পরিদর্শন ও প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান। এ সময় স্থানীয় ছাত্রশিবিরের পরিচিত নেতা-কর্মীরা সাংগঠনিক পরিচয় গোপন করে তাঁদের কার্যক্রমে বাধা দেন এবং অতর্কিত হামলা চালান। হামলায় ছাত্রশক্তির কলেজ শাখার মুখ্য সংগঠকসহ কয়েকজন আহত হন বলে দাবি করা হয়।
কলেজ শাখার আহ্বায়ক আব্দুল বাসির নাঈম বলেন, তাঁরা প্রধান ফটকে ঢোকার সময় ছাত্রশিবির তাঁদের পেছন থেকে বাধা দেয়। অধ্যক্ষ ও উপাধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে সাধারণ শিক্ষার্থীর পরিচয়ে ছাত্রশিবিরের লোকজন তাঁদের ওপর হামলা চালান বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, হামলায় জুলাই যোদ্ধা ও অনার্স প্রথম বর্ষের ছাত্র নয়নও আহত হয়েছেন। নাঈম আরও অভিযোগ করেন, ছাত্রশিবির সন্ত্রাসী কায়দায় কলেজে আধিপত্য কায়েম করে রেখেছে।
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি বলেন, শিক্ষার্থীদের রাজনীতি করা গণতান্ত্রিক অধিকার। তাঁর ভাষ্য, যাঁরা গুপ্ত রাজনীতির মাধ্যমে বিভাজন তৈরি করতে চান, তাঁরা নিজেদের স্বার্থ নিয়েই ভাবেন, বাংলাদেশ নিয়ে নয়।
ছাত্রশক্তি বক্তব্যে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক প্রশাসনিক শাস্তির দাবি জানায় কলেজ কর্তৃপক্ষের কাছে। ছাত্রশিবিরকে সহাবস্থানের রাজনীতিতে ফেরার আহ্বান জানিয়ে তারা বলে, অন্যথায় বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকা কঠিন হবে। একই সঙ্গে সারা দেশে ছাত্রশিবিরের বিরুদ্ধে রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধের ডাক দেওয়া হয়।
ঘটনার বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে বাংলাদেশ ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক ওয়াহিদুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা, বড় কিছু ঘটেনি। তাঁর দাবি, মহসিন কলেজে ছাত্রশিবিরের কোনো কমিটি নেই এবং সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেই মূলত ছাত্রশক্তির ঝামেলা হয়েছে।












