আইনি বাধা কেটে যাওয়ায় আগের সূচিতেই ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে আবেদনের সময় বাড়াতে যাচ্ছে উচ্চশিক্ষার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি। উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম গতকাল সোমবার বিকালে বলেন, পুনঃমূল্যায়নের জন্য যেসব শিক্ষার্থী আবেদন করেছে, তাদের কথা বিবেচনা করে কমপক্ষে দুই দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। মাননীয় শিক্ষামন্ত্রী তাদের কথা বিবেচনা করে সবাই যেন ভালোভাবে আবেদন করতে পারে, তাই সময় বাড়াতে অনুরোধ করেছেন। সেজন্যই আমরা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। খবর বিডিনিউজের।
গত ২ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় ৫ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ইউনিটের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। এজন্য ১১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন নেওয়া শুরু হয়, যার সবশেষ সময় ২৫ নভেম্বর পর্যন্ত ঠিক করা হয়। এখন সেই সময় বাড়াতে যাচ্ছে ভর্তি কমিটি। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাই কোর্ট যে আদেশ দিয়েছিল, তা গতকাল সোমবার স্থগিত করেছে আপিল বিভাগ। এ আদেশের পর বিশ্ববিদ্যালয়ের
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই। ফলে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।












